সাব্রুম, ৩ জুলাই: প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন এবং মৌলিক সাক্ষরতা ও গণনাদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘নিপুণ ত্রিপুরা মিশন’-এর অধীনে সাব্রুম জে.বি. স্কুলে এক মাসব্যাপী বিশেষ শিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে। স্কুল শিক্ষা দপ্তর, ত্রিপুরার উদ্যোগে এবং সাব্রুম আই/এস-এর তত্ত্বাবধানে ১০ জুন থেকে শুরু হওয়া এই কর্মসূচি আগামী ১০ জুলাই ২০২৬ পর্যন্ত চলবে।এই কর্মসূচির মূল উদ্দেশ্য বালবাটিকা থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের শিক্ষণ-সংক্রান্ত ঘাটতি চিহ্নিত করা এবং কার্যকর শিক্ষণ পদ্ধতির মাধ্যমে তাদের শিখন-ফল উল্লেখযোগ্যভাবে উন্নত করা।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার শিক্ষা দপ্তরের আধিকারিক দিলীপ দাস, ভারপ্রাপ্ত বিদ্যালয় পরিদর্শক রঞ্জন দেবনাথ, বিদ্যালয় পরিদর্শক জার্নাং মগ, সমাজসেবী চন্দন রায় চৌধুরী, বিদ্যালয় পরিচালন কমিটির চেয়ারপারসন সুমন দে এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক অপূর্ব বসাক-সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা।বক্তারা বলেন, শিক্ষার্থীদের মৌলিক সাক্ষরতা ও গণনাদক্ষতা অর্জন নিশ্চিত করতে ‘নিপুণ ত্রিপুরা মিশন’ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক উদ্যোগ আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়, যাতে প্রাথমিক স্তরের প্রতিটি শিক্ষার্থী মানসম্মত শিক্ষা লাভের সুযোগ পায়।
‘নিপুণ ত্রিপুরা মিশন’-এ শিখন-ফল উন্নয়নে বিশেষ উদ্যোগ, সাব্রুমে মাসব্যাপী শিক্ষণ কার্যক্রম
