Headlines

পানীয় জল প্রকল্পে দুর্নীতির অভিযোগ! DWS দপ্তরে স্মারকলিপি দিল প্রদেশ কংগ্রেস

আগরতলা, ৩ জুলাই: রাজ্যের পানীয় জল সরবরাহ ব্যবস্থায় ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে শুক্রবার ডিডব্লিউএস (DWS) দপ্তরে স্মারকলিপি জমা দিল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটি। আগরতলার কংগ্রেস ভবন থেকে দলের নেতৃবৃন্দ মিছিল করে দপ্তরে পৌঁছে এই স্মারকলিপি প্রদান করেন।স্মারকলিপিতে কংগ্রেস অভিযোগ করেছে, ‘জল জীবন মিশন’-সহ বিভিন্ন পানীয় জল প্রকল্পে দুর্নীতি, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার এবং পর্যাপ্ত তদারকির অভাবে রাজ্যের বহু মানুষ নিরাপদ ও বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত হচ্ছেন।দলের পক্ষ থেকে আরও অভিযোগ করা হয়, পানীয় জল পরিশোধনের জন্য ব্যবহৃত ফিটকিরির মান নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। নিম্নমানের ফিটকিরি ব্যবহারের ফলে জল দূষণের ঝুঁকি বাড়ছে এবং এর সঙ্গে দুর্নীতির যোগসাজশ থাকতে পারে বলেও দাবি করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন এলাকায় অপরিশোধিত জল সরবরাহ, পাইপলাইনের ত্রুটি এবং জলবাহিত রোগ বৃদ্ধির বিষয়টিও স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে।প্রদেশ কংগ্রেসের দাবি, অবিলম্বে ফিটকিরির গুণগত মান নিয়ে নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত করতে হবে, দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে হবে এবং রাজ্যজুড়ে নিরাপদ ও বিশুদ্ধ পানীয় জল সরবরাহ নিশ্চিত করতে হবে।কংগ্রেস নেতৃত্বের বক্তব্য, জনস্বাস্থ্যের সঙ্গে সরাসরি জড়িত এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সরকারের উচিত দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে সাধারণ মানুষের উদ্বেগ দূর করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *