দক্ষিণ ত্রিপুরার উদয়পুরের পূর্ব গকুলপুর এলাকায় ঝুলে থাকা বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একটি গৃহপালিত গরুর মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে সাধনা দয়াময় বৃদ্ধাশ্রম সংলগ্ন এলাকায়, যেখানে দীর্ঘদিন ধরেই বিপজ্জনক অবস্থায় ঝুলে থাকা বিদ্যুতের তার নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ছিল।স্থানীয় সূত্রে জানা গেছে, ধজননগর বিদ্যুৎ দপ্তরের অধীনস্থ একটি ট্রান্সফর্মারের পাশের বিদ্যুতের খুঁটি থেকে একটি তার দীর্ঘদিন ধরে নিচের দিকে ঝুলে ছিল। এলাকাবাসীর অভিযোগ, বহুবার বিষয়টি বিদ্যুৎ দপ্তরের নজরে আনা হলেও কোনও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। সোমবার সেই ঝুলন্ত তারের সংস্পর্শে এসে একটি গৃহপালিত গরু বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।ঘটনার পর এলাকায় ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে। বাসিন্দাদের অভিযোগ, দুর্ঘটনার পর বিদ্যুৎ দপ্তরে ফোন করেও দীর্ঘ সময় পর্যন্ত কোনও কর্মী বা আধিকারিক ঘটনাস্থলে পৌঁছাননি। এতে দপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।স্থানীয়দের আশঙ্কা, দ্রুত ঝুলন্ত বিদ্যুতের তার মেরামত না করা হলে ভবিষ্যতে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারে, এমনকি মানুষের প্রাণহানির ঘটনাও ঘটতে পারে। তাই অবিলম্বে বিপজ্জনক তার অপসারণ, বিদ্যুৎ ব্যবস্থা নিরাপদ করা এবং দায়িত্বে গাফিলতির অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।ঘটনাকে কেন্দ্র করে ধজননগর বিদ্যুৎ দপ্তরের ভূমিকা নিয়ে সমালোচনা শুরু হয়েছে। প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ও স্থায়ী সমাধানের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে।
ঝুলন্ত বিদ্যুতের তারে গরুর মৃত্যু! উদয়পুরে বিদ্যুৎ দপ্তরের গাফিলতির অভিযোগে ক্ষোভ
