উত্তর ত্রিপুরার ধর্মনগরে বিদ্যালয় পরিদর্শকের কার্যালয়ের সরকারি পাঠ্যপুস্তকের গুদামে চুরির চেষ্টা নস্যাৎ করে দিলেন এক নৈশপ্রহরী। সোমবার গভীর রাতে গুদাম থেকে পাঠ্যপুস্তক চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে মিঠুন দাস নামে এক ব্যক্তি। ধৃতের বাড়ি খোয়াই জেলার তেলিয়ামুড়া এলাকায়।কার্যালয়ের নৈশপ্রহরী রাজু বাসপার জানান, সোমবার রাত প্রায় ২টা নাগাদ সন্দেহজনক শব্দ শুনে তিনি গুদামের দিকে যান। সেখানে গিয়ে দেখেন, এক ব্যক্তি গুদাম থেকে সরকারি পাঠ্যপুস্তক বের করে বাউন্ডারির পাশে জড়ো করছে। তিনি তৎক্ষণাৎ ওই ব্যক্তিকে আটক করে বিষয়টি বিদ্যালয় পরিদর্শকের কার্যালয়ের কর্তৃপক্ষকে জানান। পরে মঙ্গলবার সকালে ধৃতকে ধর্মনগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিঠুন দাস দাবি করে, নেশাগ্রস্ত অবস্থায় ভুলবশত সেখানে ঢুকে পড়েছিল। সে জানায়, ধর্মনগর পূর্ববাজার এলাকায় পরিত্যক্ত বোতল সংগ্রহের কাজ করে। তবে পরবর্তী জিজ্ঞাসাবাদে সে চুরির উদ্দেশ্যেই গুদামে প্রবেশ করেছিল বলে স্বীকার করে।এদিকে বিদ্যালয় পরিদর্শক জানান, দীর্ঘদিন ধরেই গুদামে পাঠ্যপুস্তকের ঘাটতি লক্ষ্য করা যাচ্ছিল। এই ঘটনার পর তাঁদের ধারণা, ধারাবাহিক চুরির কারণেই বইয়ের ঘাটতি তৈরি হচ্ছিল। তিনি বলেন, শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত একটি সরকারি দপ্তরে এ ধরনের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক।ঘটনার খবর পেয়ে ধর্মনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ধৃতকে থানায় নিয়ে যায় এবং একটি মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ধর্মনগর শহরে সরকারি দপ্তর, ব্যবসায়িক প্রতিষ্ঠান ও বাড়িঘরে চুরির ঘটনা বেড়ে যাওয়ায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।
সরকারি পাঠ্যপুস্তক চুরির চেষ্টা ব্যর্থ, নৈশপ্রহরীর তৎপরতায় হাতেনাতে ধরা চোর
