Headlines

৪৭ দিন পর খুলল মাতাবাড়ির প্রণামী বাক্স, দেশি-বিদেশি মুদ্রা উদ্ধার

প্রায় এক মাস কুড়ি দিন পর মঙ্গলবার পুনরায় খোলা হলো উদয়পুরের ঐতিহ্যবাহী মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরের প্রণামী বাক্স ও সিন্দুক। সকাল থেকেই প্রশাসনের উপস্থিতিতে মন্দির প্রাঙ্গণে থাকা মোট ১৭টি প্রণামী বাক্স ও সিন্দুক খুলে অর্থ গণনার কাজ শুরু হয়, যা দিনভর চলে এবং সন্ধ্যা পর্যন্ত অব্যাহত থাকে।প্রশাসনিক সূত্রে জানা যায়, সর্বশেষ গত ১৮ মে প্রণামী বাক্স খোলা হয়েছিল। সেদিন প্রায় ২০ লক্ষ ৫২ হাজার টাকা সংগ্রহ হয়েছিল। সেই অভিজ্ঞতার ভিত্তিতে এবারও উল্লেখযোগ্য পরিমাণ অর্থ জমা পড়েছে বলে আশা করা হচ্ছে।গণনার সময় ভারতীয় মুদ্রার পাশাপাশি বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রাও উদ্ধার হয়েছে। প্রশাসনের মতে, এটি প্রমাণ করে যে ত্রিপুরার অন্যতম প্রধান শক্তিপীঠ মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে শুধু দেশীয় ভক্তই নন, বিদেশি পর্যটক ও তীর্থযাত্রীরাও নিয়মিত আসছেন এবং প্রণামী প্রদান করছেন।গণনা প্রক্রিয়া স্বচ্ছ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য গোমতী জেলা প্রশাসনের উদ্যোগে ১৭ সদস্যের একটি বিশেষ দল গঠন করা হয়। পুরো প্রক্রিয়াটি প্রশাসনের কড়া নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থার মধ্যেই সম্পন্ন হয়।এই বিষয়ে ডেপুটি কালেক্টর চন্দ্রশেখর চট্টোপাধ্যায় জানান, নির্ধারিত নিয়ম অনুসরণ করেই অর্থ গণনার কাজ চলছে এবং সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে গণনা সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। চূড়ান্ত গণনা শেষে মোট কত অর্থ ও বৈদেশিক মুদ্রা পাওয়া গেছে, তা আনুষ্ঠানিকভাবে প্রশাসনের পক্ষ থেকে জানানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *