Headlines

রাস্তার কাজ বন্ধের অভিযোগে কমলাসাগরে উত্তেজনা, স্থানীয় বিজেপি কর্মীর বিরুদ্ধে ক্ষোভ

কমলাসাগর বিধানসভার ডুকলী ব্লকের ফুলতলী পঞ্চায়েতের গাবতলী এলাকায় রাস্তা নির্মাণের কাজ বন্ধ হয়ে যাওয়াকে কেন্দ্র করে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের একাংশের অভিযোগ, শাসকদলের এক কর্মীর হস্তক্ষেপে প্রায় ৩০০ মিটার রাস্তার নির্মাণকাজ বন্ধ হয়ে পড়েছে, ফলে দীর্ঘদিনের উন্নয়নমূলক প্রকল্প অনিশ্চয়তার মুখে পড়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, রায়েরমুড়া, গাবতলী বড়চতল, ঈশানচন্দ্রনগর, ফুলতলী হয়ে সেকেরকোট পর্যন্ত সংযোগকারী এই রাস্তা বহু বছর ধরে বেহাল অবস্থায় ছিল। বর্ষাকালে চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ত। দীর্ঘদিনের দাবি মেনে সম্প্রতি রাস্তার উন্নয়নকাজ শুরু হয় এবং ইটের সলিংয়ের কাজ চলছিল।অভিযোগ, সেই সময় স্থানীয় বিজেপি কর্মী প্রসেনজিৎ ভৌমিক (ওরফে অনা)-এর হস্তক্ষেপে নির্মাণকাজ বন্ধ হয়ে যায়। যদিও এই অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।এলাকার বাসিন্দাদের দাবি, এই রাস্তার উপর শতাধিক পরিবারের পাশাপাশি আশপাশের কয়েকটি গ্রামের হাজার হাজার মানুষ নির্ভরশীল। তাই দ্রুত প্রশাসনের হস্তক্ষেপে কাজ পুনরায় শুরু করার দাবি জানিয়েছেন তাঁরা।ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের একাংশ মহকুমা শাসক (এসডিএম), ব্লক উন্নয়ন আধিকারিক (বিডিও) এবং সংশ্লিষ্ট প্রশাসনের কাছে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *