Headlines

গেট না খোলায় পরীক্ষা ভেস্তে যাওয়ার অভিযোগ, ধর্মনগরে স্কুল ঘিরে বিক্ষোভ ও পথ অবরোধ

ধর্মনগর, ১০ জুলাই: নির্ধারিত সময়ে বিদ্যালয়ের গেট না খোলার অভিযোগকে কেন্দ্র করে শুক্রবার সকালে উত্তর ত্রিপুরার ধর্মনগরের দীননাথ নারায়ণী বিদ্যামন্দিরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। ক্ষুব্ধ ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা পথ অবরোধে সামিল হয়ে দ্রুত সমস্যার স্থায়ী সমাধানের দাবি জানান।অভিভাবকদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই বিদ্যালয়ের গেট সময়মতো খোলা হয় না। ফলে প্রতিদিনই ছাত্র-ছাত্রীদের ভোগান্তির শিকার হতে হচ্ছে। বিষয়টি নিয়ে একাধিকবার ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বকুল রানী মালাকারের কাছে অভিযোগ জানানো হলেও কার্যকর সমাধান মেলেনি।শুক্রবার পরিস্থিতি চরমে পৌঁছায়, যখন অভিযোগ ওঠে যে গেট বন্ধ থাকায় পঞ্চম শ্রেণির নির্ধারিত পরীক্ষায় অংশ নিতে পারেনি বহু পড়ুয়া। একই সঙ্গে বিদ্যালয়ে তিনজন শিক্ষকের মধ্যে মাত্র একজন উপস্থিত থাকায় পরীক্ষাও অনুষ্ঠিত হয়নি। এতে পড়ুয়াদের শিক্ষাজীবনের ক্ষতি হয়েছে বলে দাবি করেন অভিভাবকরা।এছাড়াও অভিযোগ করা হয়, বিদ্যালয়ের গেট বন্ধ থাকায় শিক্ষক-শিক্ষিকারাও দীর্ঘ সময় বাইরে অপেক্ষা করতে বাধ্য হন। বিদ্যালয়ের ক্লার্ক বীনা বাসপারের বিরুদ্ধে ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের সঙ্গে দুর্ব্যবহার এবং বিভিন্ন অনিয়মের অভিযোগও তোলেন অভিভাবকদের একাংশ।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বকুল রানী মালাকার এবং বিদ্যালয়ের দুপুর শাখার ইনচার্জ হেমচন্দ্র চাকমা। তাঁরা অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের সঙ্গে আলোচনা করে দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দেন।পরবর্তীতে বিদ্যালয় পরিচালন কমিটির পক্ষ থেকে সমস্যার সমাধানের আশ্বাস দেওয়ার পর অবরোধ প্রত্যাহার করেন আন্দোলনকারীরা। তবে দ্রুত স্থায়ী সমাধান না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন অভিভাবকদের একাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *