আগরতলা, ১০ জুলাই: দীর্ঘদিন ধরে স্বল্প ভাতা, সীমিত সুযোগ-সুবিধা এবং অনিশ্চিত কর্মজীবনের অভিযোগ তুলে এবার আন্দোলনের পথে নামলেন স্পেশাল পুলিশ অফিসার (SPO)-দের পরিবারের সদস্যরা। শুক্রবার অল ত্রিপুরা এসপিও পরিবারের কল্যাণ সংস্থার ব্যানারে পুলিশের মহা নির্দেশক (ডিজিপি)-র দপ্তরে ১০ দফা দাবিতে একটি ডেপুটেশন প্রদান করা হয়।ডিজিপি উপস্থিত না থাকায় সংগঠনের প্রতিনিধিদের কাছ থেকে স্মারকলিপি গ্রহণ করেন ডিআইজি (হেডকোয়ার্টার্স)। এ সময় সংগঠনের সদস্যরা এসপিওদের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা ও দাবি তুলে ধরেন।সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, রাজ্যের এসপিওরা দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও এখনও তাঁদের চাকরি নিয়মিত করা হয়নি। পাশাপাশি বেতন-ভাতা, সামাজিক নিরাপত্তা, চিকিৎসা সুবিধা এবং অন্যান্য সুযোগ-সুবিধার ক্ষেত্রেও তাঁরা বঞ্চিত বলে অভিযোগ করা হয়।১০ দফা দাবির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি হল এসপিওদের চাকরি নিয়মিতকরণ এবং রাজ্য পুলিশের অন্যান্য কর্মীদের সমতুল্য বেতন, ভাতা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা। এছাড়াও কর্মজীবনের নিরাপত্তা ও কল্যাণমূলক বিভিন্ন সুবিধা চালুর দাবিও জানানো হয়েছে।সংগঠনের প্রতিনিধিরা আশা প্রকাশ করেন, সরকার ও পুলিশ প্রশাসন তাঁদের দাবিগুলি গুরুত্ব সহকারে বিবেচনা করবে এবং দ্রুত ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করবে। অন্যথায় আগামী দিনে বৃহত্তর গণআন্দোলনের পথেও হাঁটার ইঙ্গিত দেন তাঁরা।
চাকরি নিয়মিতকরণের দাবিতে সরব এসপিও পরিবার, ডিজিপি দপ্তরে ১০ দফা দাবিপত্র
