সোনামুড়া, ১০ জুলাই: সোনামুড়া থানাধীন ময়নামা গ্রাম পঞ্চায়েত এলাকার একটি গভীর জঙ্গল থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবককে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে। বর্তমানে তিনি সোনামুড়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর পরিচয় এখনও জানা যায়নি।স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার এলাকাবাসী জঙ্গলের মধ্যে এক যুবককে অসহায় অবস্থায় পড়ে থাকতে দেখে সোনামুড়া অগ্নিনির্বাপক দপ্তরে খবর দেন। খবর পেয়ে দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যুবকটিকে উদ্ধার করে সোনামুড়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেন।চিকিৎসকদের প্রাথমিক পর্যবেক্ষণে জানা গেছে, দীর্ঘদিন পর্যাপ্ত খাবার না পাওয়া এবং জঙ্গলে পড়ে থাকার কারণে যুবকটি চরম দুর্বল হয়ে পড়েছেন। এছাড়াও তাঁর শরীরের কিছু অংশে পোকার সংক্রমণ দেখা দিয়েছে। বর্তমানে হাসপাতালের এমওআইসি (Medical Officer In-Charge) ডা. পার্থপ্রতিম দাসের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে।হাসপাতাল সূত্রে জানা গেছে, যুবকটি নিজের নাম, ঠিকানা বা পরিবারের বিষয়ে কোনো তথ্য জানাতে পারছেন না। ফলে তাঁর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।হাসপাতাল কর্তৃপক্ষ সাধারণ মানুষের কাছে আবেদন জানিয়েছে, কেউ যদি যুবকটিকে চিনে থাকেন বা তাঁর পরিবারের সন্ধান দিতে পারেন, তবে দ্রুত হাসপাতালের সঙ্গে যোগাযোগ করার জন্য। পরিবারের সন্ধান মিললে তাঁর উন্নত চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করা আরও সহজ হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
সোনামুড়ার জঙ্গলে অচেতন অবস্থায় উদ্ধার অজ্ঞাত যুবক, পরিচয় জানতে সাহায্যের আবেদন
