মোহনপুর, ১৩ জুলাই: মোহনপুর বাজারে নতুন দ্বিতল মার্কেট শেডের উদ্বোধন এবং ব্যবসায়ীদের মধ্যে লটারির মাধ্যমে স্টল বণ্টন করা হয়েছে। সোমবার আয়োজিত অনুষ্ঠানে নতুন মার্কেট শেডের উদ্বোধন করেন রাজ্যের কৃষি ও বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথ।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন, বাজার ও ব্যবসায়িক প্রতিষ্ঠানকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা প্রত্যেকের দায়িত্ব। তাঁর মতে, স্বচ্ছতা শুধু বাহ্যিক পরিচ্ছন্নতার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং মানসিক সততা ও শৃঙ্খলাও এর গুরুত্বপূর্ণ অংশ।মন্ত্রী জানান, বিগত সরকারের সাড়ে সাত বছরে রাজ্যের বাজার উন্নয়নে যেখানে প্রায় ২৮ কোটি টাকা ব্যয় করা হয়েছিল, সেখানে বর্তমান সরকার একই সময়ে বাজার পরিকাঠামো উন্নয়নে ৩৩২ কোটি টাকা ব্যয় করেছে। তিনি বলেন, মোহনপুর বাজারে দুটি নতুন মার্কেট শেড নির্মাণ করা হয়েছে এবং একটি আধুনিক মৎস্য শেডের কাজও চলমান রয়েছে।তিনি আরও বলেন, বর্তমানে জায়গার সীমাবদ্ধতার কারণে অতিরিক্ত মার্কেট শেড নির্মাণ সম্ভব হচ্ছে না। তবে অর্থের কোনো অভাব নেই। ভবিষ্যতে প্রয়োজনীয় জমির ব্যবস্থা হলে আরও স্টল নির্মাণ করা হবে, যাতে বেকার যুবক-যুবতী এবং স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা ব্যবসার সুযোগ পান।সরকারি জমি দখল না করার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, নিজের ব্যবসা সম্প্রসারণের নামে সরকারি সম্পত্তি দখলের চেষ্টা আইনসম্মত নয় এবং তা এড়িয়ে চলা উচিত।অনুষ্ঠানে মোহনপুর পুর পরিষদের চেয়ারপারসন, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান, বিভিন্ন জনপ্রতিনিধি, সমাজসেবী এবং ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর লটারির মাধ্যমে নতুন স্টল ব্যবসায়ীদের মধ্যে বণ্টন করা হয়।
মোহনপুরে দ্বিতল মার্কেট শেড উদ্বোধন, লটারিতে স্টল বণ্টন করলেন মন্ত্রী রতন লাল নাথ
