উদয়পুর, ১৪ জুলাই: স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন এবং রোগীদের উন্নত চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে মঙ্গলবার গোমতী জেলা হাসপাতাল পরিদর্শন করেন ত্রিপুরা সরকারের স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে।পরিদর্শনকালে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, জরুরি বিভাগ, বহির্বিভাগ (ওপিডি), রোগীদের জন্য উপলব্ধ পরিষেবা এবং চিকিৎসা ব্যবস্থার সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখেন। পাশাপাশি হাসপাতালের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।স্বাস্থ্য সচিব হাসপাতালের পরিকাঠামো, পরিচ্ছন্নতা, ওষুধ সরবরাহ, চিকিৎসা পরিষেবার মান এবং রোগীদের সুবিধা-অসুবিধা সম্পর্কেও খোঁজ নেন। প্রয়োজনে পরিষেবার মান আরও উন্নত করতে সংশ্লিষ্ট আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।রাজ্য সরকারের লক্ষ্য সাধারণ মানুষের কাছে আরও উন্নত ও সহজলভ্য স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া। সেই উদ্দেশ্যেই বিভিন্ন সরকারি হাসপাতালের পরিষেবা নিয়মিত পর্যালোচনা করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
গোমতী জেলা হাসপাতালে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে, পরিষেবার মান খতিয়ে দেখলেন
