Headlines

কাঁটাতারের পাশেই সম্প্রীতির রথ! বিলোনিয়ার আমজাদ নগরে ইতিহাস গড়তে চলেছে হিন্দু-মুসলিমের মিলন উৎসব

বিলোনিয়া, ১৪ জুলাই: সীমান্তে কাঁটাতার দুই দেশকে আলাদা করেছে, কিন্তু মানুষের হৃদয়ের বন্ধনকে আলাদা করতে পারেনি—এই বার্তাই যেন উঠে আসছে দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়ার আমজাদ নগর থেকে। ভারত-বাংলাদেশ সীমান্তঘেঁষা এই এলাকায় এবার প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে চলেছে ‘সম্প্রীতির রথযাত্রা’, যেখানে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মানুষ একসঙ্গে অংশগ্রহণ করবেন।আগামী ১৬ জুলাই জগন্নাথদেব, বলরাম ও সুভদ্রার রথযাত্রাকে কেন্দ্র করে উৎসবের আমেজে মেতে উঠেছে গোটা আমজাদ নগর। স্থানীয়দের উদ্যোগে তৈরি হচ্ছে রথ, আর সেই রথযাত্রাকে ঘিরে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের মধ্যে দেখা যাচ্ছে উৎসাহ ও উচ্ছ্বাস।রথযাত্রা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই উৎসব শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের প্রতীক। তাই রথযাত্রা পরিচালনার জন্য সর্বধর্মের প্রতিনিধিদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। হিন্দু ও মুসলিম—উভয় সম্প্রদায়ের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে প্রস্তুতির কাজে অংশ নিচ্ছেন।কমিটির সদস্যদের বক্তব্য, রথের রশিতে একসঙ্গে টান দিয়ে তারা এই বার্তাই দিতে চান যে, ধর্ম ভিন্ন হলেও মানুষের হৃদয়ের বন্ধন অটুট। সম্প্রীতি, সৌহার্দ্য এবং পারস্পরিক শ্রদ্ধার এই ঐতিহ্য ভবিষ্যৎ প্রজন্মের কাছেও পৌঁছে দেওয়াই তাদের মূল লক্ষ্য।সীমান্তবর্তী আমজাদ নগরের এই উদ্যোগ ইতিমধ্যেই বহু মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে। ১৬ জুলাইয়ের রথযাত্রা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, বরং সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নজির হয়ে উঠবে বলেই আশা প্রকাশ করেছেন আয়োজকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *