Headlines

ধর্মনগরে সরকারি রাস্তা দখলের অভিযোগ! যানজটে নাকাল শহরবাসী, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

ধর্মনগর, ১৪ জুলাই: উত্তর ত্রিপুরার ধর্মনগর শহরে সরকারি রাস্তা ও ফুটপাথ দখলকে কেন্দ্র করে ক্ষোভ বাড়ছে। শহরবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তা দখল, অবৈধ পার্কিং এবং ফুটপাথ দখলের কারণে শহরের বিভিন্ন এলাকায় নিত্যদিনের যানজট ও ভোগান্তি চরম আকার ধারণ করেছে। প্রশাসনের নিষ্ক্রিয়তা নিয়েও প্রশ্ন তুলছেন স্থানীয়রা।স্থানীয়দের দাবি, জনসংখ্যা ও যানবাহনের সংখ্যা বাড়লেও শহরের রাস্তা ও নিকাশি ব্যবস্থার তেমন উন্নতি হয়নি। ২০১৮ সালে শহরের যানজট কমাতে কয়েকটি রাস্তা প্রশস্ত করার উদ্যোগ নেওয়া হলেও বর্তমানে সেই উদ্যোগের সুফল সাধারণ মানুষ পাচ্ছেন না বলে অভিযোগ।বিশেষ করে মায়া সিনেমা হল চৌমুহনী এলাকায় সরকারি রাস্তা দখলের অভিযোগ সামনে এসেছে। স্থানীয়দের একাংশের দাবি, রাস্তার একটি অংশ ব্যক্তিগত পার্কিং ও বাণিজ্যিক কাজে ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি একটি শোরুমের সামনে ক্রেতাদের গাড়ি ও মোটরসাইকেল রাস্তার ওপর পার্কিং করায় যান চলাচলে বিঘ্ন ঘটছে এবং পথচারীদেরও সমস্যায় পড়তে হচ্ছে।এলাকাবাসীর আরও অভিযোগ, ট্রাফিক পুলিশ ও পুর কর্তৃপক্ষের নজরের সামনেই এসব ঘটনা ঘটলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তাদের দাবি, দ্রুত রাস্তা ও ফুটপাথ দখলমুক্ত করে যানজট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *