Headlines

উদয়পুরের ঐতিহ্যবাহী রথযাত্রায় চেইন ছিনতাইয়ের অভিযোগ! ভিড়ের সুযোগে একাধিক মহিলার স্বর্ণালঙ্কার উধাও, আটক ২

উদয়পুর, ১৬ জুলাই: গোমতী জেলার ঐতিহ্যবাহী উদয়পুর জগন্নাথ বাড়ির রথযাত্রা উৎসবকে ঘিরে এ বছর সামনে এসেছে এক চাঞ্চল্যকর অভিযোগ। বিপুল ভিড়ের সুযোগ নিয়ে একাধিক মহিলার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। ঘটনার পর দ্রুত তৎপর হয়ে রাধাকিশোরপুর থানার পুলিশ সন্দেহভাজন দুই মহিলাকে আটক করেছে।বৃহস্পতিবার জগন্নাথ বাড়ি উন্নয়ন কমিটির উদ্যোগে এবং গোমতী জেলা প্রশাসন, তথ্য ও সংস্কৃতি দপ্তর, উদয়পুর পৌর পরিষদসহ বিভিন্ন দপ্তরের সহযোগিতায় রথযাত্রা উৎসবের আয়োজন করা হয়। ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবের সূচনা করেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়, উদয়পুর পৌর পরিষদের পৌরপিতা শীতল চন্দ্র মজুমদার, মহকুমা শাসক ত্রিদিব সরকার, সমাজসেবী সবিতা নাগ, জগন্নাথ বাড়ি উন্নয়ন কমিটির সভাপতি পরেশ শিবসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।এরপর শ্রীজগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে সুসজ্জিত রথে প্রতিষ্ঠা করে রথযাত্রার সূচনা হয়। হাজার হাজার ভক্তের উপস্থিতিতে রথ জগন্নাথ বাড়ি থেকে মহাদেব বাড়ি (মাসির বাড়ি)-র উদ্দেশ্যে যাত্রা করে।তবে উৎসব চলাকালীন ভিড়ের মধ্যে একাধিক চেইন ছিনতাইয়ের অভিযোগ সামনে আসে। অভিযোগ অনুযায়ী, জগন্নাথ বাড়ি মেলা প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠানের আগে প্রায় তিনটি স্বর্ণের চেইন ছিনতাই হয়। পরে মহাদেব বাড়ি মন্দির প্রাঙ্গণেও আরও চার থেকে পাঁচটি স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ ওঠে।ঘটনার খবর পেয়ে রাধাকিশোরপুর থানার পুলিশ দ্রুত তদন্ত শুরু করে এবং সন্দেহভাজন দুই মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। তবে আটক ব্যক্তিদের পরিচয় বা তাদের বিরুদ্ধে কী প্রমাণ মিলেছে, সে বিষয়ে পুলিশ এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।স্থানীয়দের দাবি, উদয়পুরের ঐতিহ্যবাহী রথযাত্রার ইতিহাসে এ ধরনের অভিযোগ এই প্রথম সামনে এল। ঘটনার পর উৎসবে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার দাবি তুলেছেন ভক্ত ও সাধারণ মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *