কমলপুর, নিজস্ব প্রতিনিধি: কমলপুর শহরে একই রাতে দুটি ধর্মীয় প্রতিষ্ঠানে চুরি ও চুরির চেষ্টার ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ স্টেশন থেকে মাত্র প্রায় ২০০ মিটার দূরে অবস্থিত কমলপুর বাজার সংলগ্ন ১ নম্বর ওয়ার্ডের আজাদ হিন্দ পাড়ার লোকনাথ মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। পাশাপাশি ঐতিহ্যবাহী কমলেশ্বরী কালীবাড়ির কালী মন্দিরেও তালা ভাঙার চেষ্টা চালায় দুষ্কৃতীরা।স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রাতে মন্দির বন্ধ করে বাড়ি যান এক স্থানীয় ব্যক্তি। শুক্রবার ভোরে মন্দির খুলতে এসে তিনি দেখতে পান মূল ফটকের তালা ভাঙা, ভেতরের সমস্ত আলো নিভে রয়েছে এবং প্রণামীর বাক্সটি উধাও। এরপরই বিষয়টি এলাকাবাসীকে জানানো হলে কমলপুর থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।মন্দির কর্তৃপক্ষের দাবি, প্রায় এক বছর ধরে জমা হওয়া প্রণামীর অর্থসহ বাক্সটি নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা। প্রাথমিক অনুমান অনুযায়ী, বাক্সে প্রায় ১৫ হাজার টাকার প্রণামী ছিল।স্থানীয় সূত্রে আরও জানা গেছে, ঘটনার তদন্তে পুলিশ আবু গোওয়ালা নামে এক ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে। তবে এ বিষয়ে এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তারের কথা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি পুলিশ।অন্যদিকে, একই রাতে কমলপুরের কমলেশ্বরী কালীবাড়ির কালী মন্দিরেও চুরির চেষ্টা চালানো হয়। মন্দিরের একটি তালা ভাঙার চেষ্টা হলেও দুষ্কৃতীরা ভেতরে প্রবেশ করতে পারেনি বলে জানা গেছে।একই রাতে শহরের দুটি গুরুত্বপূর্ণ ধর্মীয় প্রতিষ্ঠানে চুরি ও চুরির চেষ্টার ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে কমলপুরজুড়ে। পুলিশ স্টেশনের এত কাছাকাছি এলাকায় এমন ঘটনা ঘটায় রাতের পুলিশ টহল ও শহরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা।এলাকাবাসীর দাবি, ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হোক এবং কমলপুর শহরে রাতের পুলিশি টহল আরও জোরদার করা হোক, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।
পুলিশ স্টেশন থেকে ২০০ মিটার দূরে দুঃসাহসিক চুরি! লোকনাথ মন্দিরের প্রণামী বাক্স উধাও, কালীবাড়িতেও তালা ভাঙার চেষ্টা
