আগরতলা, নিজস্ব প্রতিনিধি: আগরতলা রেলস্টেশনে মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল জিআরপিএস (GRPS) ও ত্রিপুরা পুলিশের স্পেশাল ব্রাঞ্চ। শুক্রবার বিকেল প্রায় ৪টা নাগাদ যৌথ অভিযানে ১১৯ বোতল সন্দেহভাজন নিষিদ্ধ কফ সিরাপ-সহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তার হওয়া যুবকের নাম সাহিন আলম (২০) ওরফে শাকিল। তিনি সিপাহিজলা জেলার সোনামুড়া থানার উরমাই এলাকার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।পুলিশ সূত্রে জানা গেছে, আগরতলা রেলস্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে, পার্কিং এলাকা ও আরপিএফ পোস্টের মাঝামাঝি স্থানে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় ওই যুবককে আটক করা হয়। পরে তার ট্রলি ব্যাগ তল্লাশি চালিয়ে ১১৯ বোতল নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার করা হয়।পুলিশের দাবি, উদ্ধার হওয়া কফ সিরাপের কালোবাজারে আনুমানিক মূল্য প্রায় ২ লক্ষ টাকা।ঘটনার পর অভিযুক্তকে গ্রেপ্তার করে মাদকদ্রব্যগুলি বাজেয়াপ্ত করা হয়েছে। এ ঘটনায় আগরতলা জিআরপিএস থানায় ২০২৬GRP047 নম্বর মামলা রুজু করা হয়েছে। মামলাটি এনডিপিএস আইন, ১৯৮৫-এর ২১(সি) ও ২৯ ধারায় দায়ের করা হয়েছে।পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া মাদক কোথা থেকে আনা হচ্ছিল এবং এর সঙ্গে আর কারা জড়িত, তা জানতে তদন্ত শুরু হয়েছে।
আগরতলা রেলস্টেশনে ১১৯ বোতল নিষিদ্ধ কফ সিরাপসহ যুবক গ্রেপ্তার, কালোবাজারে মূল্য প্রায় ২ লক্ষ টাকা
