Headlines

রাস্তার বেহাল দশায় গ্রামে ঢুকতে পারছে না রেশনের গাড়ি! কালীবাড়িতে সরাতে হলো রেশন দোকান

মেলাঘর, নিজস্ব প্রতিনিধি: বেহাল রাস্তার কারণে চরম দুর্ভোগে পড়েছেন মেলাঘর সংলগ্ন বানিয়াছড়া গ্রাম পঞ্চায়েতের তেলকাজলা বড়ডেপা এলাকার বাসিন্দারা। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে রেশনবাহী গাড়িও আর গ্রামে প্রবেশ করতে পারছে না। ফলে বাধ্য হয়ে স্থানীয় রেশন দোকানটি সাময়িকভাবে তেলকাজলা কালীবাড়িতে স্থানান্তরিত করা হয়েছে।স্থানীয়দের অভিযোগ, গত কয়েক মাস ধরে এলাকার মূল পঞ্চায়েত সড়কটি কার্যত মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। রাস্তার বড় অংশ জুড়ে তৈরি হয়েছে গভীর গর্ত। কোথাও রাস্তার পাশের সাইড ওয়াল ভেঙে চাষের জমিতে ধসে পড়েছে, আবার কোথাও রাস্তার পাশের ছড়ার পাড় ভেঙে যাওয়ায় আরও বিপজ্জনক হয়ে উঠেছে যোগাযোগ ব্যবস্থা।এই সড়কই তেলকাজলা বড়ডেপা এলাকার মানুষের মেলাঘর বাজারে যাতায়াতের একমাত্র প্রধান পথ। কিন্তু দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে এখন এটি প্রায় যান চলাচলের অযোগ্য। ফলে জরুরি পরিষেবা থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহন—সব ক্ষেত্রেই দেখা দিয়েছে মারাত্মক সমস্যা।সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন রেশন উপভোক্তারা। রেশনবাহী গাড়ি গ্রামে প্রবেশ করতে না পারায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রেশন দোকানটি সাময়িকভাবে তেলকাজলা কালীবাড়িতে সরিয়ে নিতে বাধ্য হয়েছে। এতে সাধারণ মানুষকে অতিরিক্ত দূরত্ব পাড়ি দিয়ে রেশন সংগ্রহ করতে হচ্ছে।এলাকাবাসীর দাবি, বারবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও এখনও পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন চলাচল করতে হচ্ছে বলে অভিযোগ তাঁদের। দ্রুত এই গুরুত্বপূর্ণ সড়ক সংস্কার করে স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *