আগরতলা, নিজস্ব প্রতিনিধি: আরকেনগরের এ. চন্দ্র রামা রাও টিএসআর ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত হলো ৯২তম পুলিশ কনস্টেবল (পুরুষ) ব্যাচের পাসিং আউট প্যারেড। শৃঙ্খলা, দক্ষতা ও প্রশিক্ষণের সফল সমাপ্তি উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা, রাজ্য পুলিশের মহাপরিচালক (DGP) অনুরাগ-সহ পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন আধিকারিকরা।এদিনের পাসিং আউট প্যারেডে প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করে মোট ৪৭০ জন নবীন পুলিশ সদস্য বাহিনীতে যোগ দেন। এর মধ্যে ৪৬৯ জন ত্রিপুরা পুলিশ কনস্টেবল এবং ১ জন টিএসআর (Tripura State Rifles) সদস্য রয়েছেন।অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা নবীন পুলিশ সদস্যদের শুভেচ্ছা জানিয়ে বলেন, আইন-শৃঙ্খলা রক্ষা, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং পেশাগত সততা বজায় রেখে দায়িত্ব পালনই হবে তাঁদের প্রধান লক্ষ্য। তিনি জনগণের আস্থা অর্জনের মাধ্যমে নিষ্ঠা ও মানবিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।পাসিং আউট প্যারেডে নবীন কনস্টেবলদের সুসজ্জিত কুচকাওয়াজ উপস্থিত অতিথি ও দর্শকদের মুগ্ধ করে। প্রশিক্ষণ সফলভাবে শেষ করে বাহিনীতে যোগ দেওয়া এই নতুন সদস্যদের মাধ্যমে ত্রিপুরা পুলিশের জনবল আরও শক্তিশালী হলো।
ত্রিপুরা পুলিশে যুক্ত ৪৭০ নতুন কনস্টেবল! আরকেনগরে জাঁকজমকপূর্ণ পাসিং আউট প্যারেডে মুখ্যমন্ত্রী
