সোনামুড়া, ২০ জুলাই: সোনামুড়া মহকুমায় এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন ২০ বছর বয়সী কাউসার হোসেন। একই ঘটনায় গুরুতর আহত হন ২৩ বছর বয়সী সাগর হোসেন। সোমবার দাওধারানী মাদ্রাসা সংলগ্ন এলাকায় একটি কমান্ডার গাড়ি ও মোটরসাইকেলের সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।জানা গেছে, দুর্ঘটনায় নিহত কাউসার হোসেন এবং আহত সাগর হোসেন—উভয়েরই বাড়ি সোনামুড়া থানার অন্তর্গত ময়নামা পঞ্চায়েত এলাকায়। সংঘর্ষের পর স্থানীয়রা দ্রুত দু’জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক কাউসার হোসেনকে মৃত ঘোষণা করেন। আহত সাগর হোসেন বর্তমানে চিকিৎসাধীন।অভিযোগ, দুর্ঘটনার পর কমান্ডার গাড়ির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাগ্রস্ত মোটরসাইকেলটি উদ্ধার করে।পলাতক গাড়িচালকের সন্ধানে তল্লাশি শুরু করেছে পুলিশ। পাশাপাশি কীভাবে দুর্ঘটনাটি ঘটল, তা খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
কমান্ডার-বাইকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২০ বছরের যুবকের, আহত আরেকজন; পলাতক গাড়িচালক
