Headlines

ছিদ্র টিনের ছাদে বৃষ্টির জল ক্লাসরুমে! চড়িলামের রংমালা জেবি স্কুলে চরম দুর্ভোগে পড়ুয়ারা

চড়িলাম, ২১ জুলাই: সেপাহিজলা জেলার চড়িলাম বিধানসভার জনজাতি অধ্যুষিত রংমালা আরএস কলোনি জেবি স্কুলের বেহাল পরিকাঠামোকে ঘিরে ক্ষোভ বাড়ছে অভিভাবক ও স্থানীয়দের মধ্যে। অভিযোগ, দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের টিনের ছাদ ফুটো হয়ে থাকায় সামান্য বৃষ্টিতেই ক্লাসরুম ও শিক্ষক কক্ষে জল পড়ে। ফলে ছাত্রছাত্রীদের ভিজে অবস্থায় পড়াশোনা করতে হচ্ছে এবং স্বাভাবিক পঠন-পাঠন ব্যাহত হচ্ছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় দেববর্মা জানান, তিনি গত দুই বছর ধরে স্কুলটির দায়িত্বে রয়েছেন। তাঁর দাবি, এর আগেই স্কুলটির পরিকাঠামোগত সমস্যা ছিল এবং বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাঁর বক্তব্য অনুযায়ী, বর্তমানে স্কুলটিতে ছাত্রছাত্রীর সংখ্যা মাত্র পাঁচজন।স্থানীয়দের অভিযোগ, বিদ্যালয়ে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা নেই, শৌচাগারের অভাব রয়েছে, পাকা বাউন্ডারি প্রাচীরও নেই। পাশাপাশি টিনের চাল ফুটো হয়ে যাওয়ায় বর্ষাকালে শ্রেণিকক্ষে জল পড়ে এবং শিক্ষার পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।স্থানীয়দের দাবি, বিষয়টি পরিচালন কমিটি, ব্লক প্রশাসন, বিদ্যালয় পরিদর্শক এবং এলাকার বিধায়কের নজরে একাধিকবার আনা হলেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি। এর ফলে অভিভাবকদের একাংশ সন্তানদের অন্যত্র ভর্তি করাতে বাধ্য হচ্ছেন বলে অভিযোগ।তবে স্থানীয় বিধায়ক বা সংশ্লিষ্ট শিক্ষা দপ্তরের পক্ষ থেকে এই অভিযোগের বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অভিযোগগুলোর সত্যতা ও প্রয়োজনীয় পদক্ষেপ সম্পর্কে প্রশাসনের বক্তব্যের অপেক্ষায় রয়েছেন এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *