ধর্মনগর, ২২ জুলাই: ঊণকোটি জেলার দারচই এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন কৈলাসহর আদালতের তরুণ আইনজীবী বিশ্বজিৎ দেববর্মা (৩২)। তাঁর অকাল মৃত্যুতে আইনজীবী মহল ও এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।জানা গেছে, কৈলাসহর থেকে নেপালটিলায় নিজের বাড়িতে ফেরার পথে দারচই এলাকায় একটি বলেরো গাড়ির সঙ্গে তাঁর মোটরসাইকেলের সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে কুমারঘাট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে ঊণকোটি জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে শিলচর মেডিক্যাল কলেজে রেফার করা হলেও, পথে অবস্থার আরও অবনতি হলে ধর্মনগর জেলা হাসপাতালে আনা হয়।ধর্মনগর জেলা হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।বিশ্বজিৎ দেববর্মার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ধর্মনগর জেলা হাসপাতালে ছুটে আসেন তাঁর ঘনিষ্ঠ বন্ধু তথা করমছড়ার বিধায়ক পলদাংশু দেববর্মা। তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান এবং এই অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।ঘটনার পর এলাকায় শোকের আবহ বিরাজ করছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে।
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তরুণ আইনজীবীর, হাসপাতালে ছুটে এলেন বিধায়ক বন্ধু
