কৈলাসহর, ২৩ জুলাই: রাজ্যের জাতীয় সড়কের বেহাল অবস্থা ও দীর্ঘদিনের দুর্ভোগের প্রতিবাদে বৃহস্পতিবার পথ অবরোধ কর্মসূচিতে সামিল হয় ঊনকোটি জেলা কংগ্রেস। সকাল ১১টা থেকে কৈলাসহর-ধর্মনগর এবং কৈলাসহর-কুমারঘাট সংযোগকারী এনএইচ-২০৮-এর চিরাকুটি এলাকায় এই অবরোধ শুরু হয়।কর্মসূচিতে নেতৃত্ব দেন কৈলাসহরের বিধায়ক বিরজিৎ সিনহা, ঊনকোটি জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান, কংগ্রেস নেতা রুদ্রেন্দু ভট্টাচার্য, তরুণ সাহা-সহ বিপুল সংখ্যক দলীয় কর্মী-সমর্থক।অবরোধস্থলে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক বিরজিৎ সিনহা অভিযোগ করেন, কংগ্রেস আমলে জাতীয় সড়ক নির্মাণের অনুমোদন মিললেও বিজেপি সরকারের সময় কাজের ক্ষেত্রে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে। তাঁর দাবি, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের কারণে অল্প সময়ের মধ্যেই জাতীয় সড়কের বিভিন্ন অংশ চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।তিনি আরও অভিযোগ করেন, সম্প্রতি রাজ্যের এক মন্ত্রীর গাড়িও খারাপ রাস্তার কারণে আটকে পড়েছিল। পাশাপাশি প্রতিদিন রাজ্যে প্রবেশ করা পণ্যবাহী যানবাহন দীর্ঘক্ষণ আটকে থাকায় ব্যবসায়ী ও সাধারণ মানুষকে ব্যাপক ভোগান্তির শিকার হতে হচ্ছে।পথ অবরোধকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ ও টিএসআর জওয়ান মোতায়েন করা হয়। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত অবরোধ কর্মসূচি চলছিল।কংগ্রেসের দাবি, দ্রুত জাতীয় সড়কের সংস্কার ও নির্মাণে স্বচ্ছতা নিশ্চিত না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবে দল।
বেহাল জাতীয় সড়কের প্রতিবাদে কংগ্রেসের পথ অবরোধ, কৈলাসহরে যান চলাচল ব্যাহত
