ত্রিপুরা প্রদেশ বিজেপির নির্দেশক্রমে এক দিবসীয় প্রবাস কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রে সফরে আসেন খোয়াই জেলা বিজেপির নবনিযুক্ত সভাপতি সমীর কুমার দাস। তাঁর সফরকে কেন্দ্র করে ২৮ তেলিয়ামুড়া বিজেপি মণ্ডলের উদ্যোগে অশ্বিনী কুমার ঘোষ স্মৃতি কমিউনিটি হলে এক সাংগঠনিক বৈঠকের আয়োজন করা হয়।বৈঠকে তেলিয়ামুড়া বিধানসভা এলাকার বিভিন্ন স্তরের দলীয় পদাধিকারী ও কর্মীদের নিয়ে সংগঠনের বর্তমান অবস্থা, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখতে গিয়ে জেলা সভাপতি সমীর কুমার দাস দলীয় ঐক্য বজায় রাখা, নিয়মিত জনসংযোগ বৃদ্ধি এবং বিজেপির আদর্শ সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার ওপর জোর দেন। পাশাপাশি বুথভিত্তিক সংগঠনকে আরও সক্রিয় ও শক্তিশালী করার আহ্বান জানান তিনি।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা তথা রাজ্য বিধানসভার মুখ্যসচেতক কল্যাণী সাহা রায়, খোয়াই জেলা বিজেপির সহ-সভাপতি নিতীন কুমার সাহা, তেলিয়ামুড়া মণ্ডল সভাপতি অচিন্ত্য ভট্টাচার্যসহ জেলা ও মণ্ডল স্তরের একাধিক নেতা এবং বিপুল সংখ্যক দলীয় কর্মী-সমর্থক।বৈঠকের শেষে আগামী দিনের সাংগঠনিক কর্মসূচিকে আরও গতিশীল করতে একাধিক দিকনির্দেশনা দেওয়া হয়। বিশেষ গুরুত্ব দেওয়া হয় বুথস্তরে সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করে তোলার ওপর।
তেলিয়ামুড়ায় বিজেপির সাংগঠনিক বৈঠক, বুথস্তরের সংগঠন আরও শক্তিশালী করার বার্তা জেলা সভাপতির
