মেলাঘর: রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি বাইকের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হলো ৬৫ বছর বয়সী এক বৃদ্ধার। শুক্রবার মেলাঘর থানা এলাকার কলমখেত মুড়াপাড়া, তেলকাজলা গ্রাম পঞ্চায়েতের ৬ নম্বর ওয়ার্ডে ঘটে এই হৃদয়বিদারক দুর্ঘটনা। মৃতার নাম চন্দ্রবান বিবি।স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো দোকান থেকে বাড়ি ফেরার পথে রাস্তা পার হচ্ছিলেন চন্দ্রবান বিবি। সেই সময় পিছন দিক থেকে আসা একটি দ্রুতগতির বাইক তাঁকে সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনার শব্দ শুনে ছুটে আসেন স্থানীয়রা। তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে মেলাঘর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।সেখানে অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাঁকে দ্রুত আগরতলার জিবি হাসপাতালে রেফার করেন। তবে জিবি হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।দুর্ঘটনার পরই অভিযুক্ত বাইক চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে মেলাঘর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। পলাতক বাইক চালকের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।এদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সম্প্রতি মূল সড়কটি সংস্কারের পর থেকে ওই এলাকায় যানবাহন, বিশেষ করে মোটরবাইক, অতিরিক্ত গতিতে চলাচল করছে। ফলে পথচারীদের নিরাপত্তা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে এবং দুর্ঘটনার আশঙ্কা বেড়েছে।চন্দ্রবান বিবির আকস্মিক মৃত্যুতে তেলকাজলা এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। একই সঙ্গে এলাকাবাসী বেপরোয়া গতিতে যানবাহন চলাচল নিয়ন্ত্রণে প্রশাসনের কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন।
বেপরোয়া বাইকের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার! মেলাঘরে পথ দুর্ঘটনায় শোকের ছায়া, পলাতক ঘাতক চালকের খোঁজে পুলিশ
