নিজস্ব সংবাদদাতা: ত্রিপুরা সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে এবং গোমতী জেলা স্কুল স্পোর্টস বোর্ডের ব্যবস্থাপনায় উদয়পুরের রমেশ ইংলিশ মিডিয়াম এইচ.এস. স্কুলের সিন্থেটিক টার্ফ ফুটবল মাঠে জাঁকজমকপূর্ণ পরিবেশে শুরু হয়েছে রাজ্যভিত্তিক ৬৫তম অনূর্ধ্ব-১৭ বালক বিভাগের সুব্রত কাপ আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা-২০২৬।তিনদিনব্যাপী এই প্রতিযোগিতায় রাজ্যের বিভিন্ন জেলা থেকে মোট ৯টি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন জেলার পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা করেন অবসরপ্রাপ্ত উপ-পরিচালক সিমল দাস এবং গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক জিতেন্দ্র মজুমদার, গোমতী জেলা পরিষদের সহকারী সভাধিপতি সুজন সেন, উদয়পুর পৌর পরিষদের চেয়ারপার্সন শীতলচন্দ্র মজুমদার, সমাজসেবী সবিতা নাগ, সমাজসেবক সানি সাহা, ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডের যুগ্ম সম্পাদক অপু রায়-সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা।উদ্বোধনী বক্তব্যে সিমল দাস বলেন, এ ধরনের প্রতিযোগিতা রাজ্যের ক্রীড়া প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আরও উৎসাহিত করবে।প্রতিযোগিতার প্রথম দিনের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় দক্ষিণ ত্রিপুরা জেলা ও ধলাই জেলা। আকর্ষণীয় এই ম্যাচ উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন বহু ক্রীড়াপ্রেমী দর্শক।আয়োজকরা জানিয়েছেন, তিনদিনব্যাপী প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হবে।
উদয়পুরে শুরু ৬৫তম সুব্রত কাপ অনূর্ধ্ব-১৭ ফুটবল, মাঠে ৯ জেলার লড়াই
