নিজস্ব সংবাদদাতা: ধর্মনগরে নির্মীয়মাণ আধুনিক বাজারের কাজ চলাকালীন অস্থায়ীভাবে স্থানান্তরিত মাছ ও মাংস বাজার পরিদর্শন করলেন ধর্মনগরের বিধায়ক জহর চক্রবর্তী। শুক্রবার বিকেলে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মহকুমা শাসক তথা পৌর পরিষদের চিফ এক্সিকিউটিভ দেবযানী চৌধুরী এবং পৌর পরিষদের চেয়ারপার্সন মিতালী দাস সেন।পরিদর্শনের সময় অস্থায়ী বাজারে মাছ ও মাংস বিক্রেতাদের বিভিন্ন সমস্যা ও পরিকাঠামোগত সুবিধা খতিয়ে দেখা হয়। বিক্রেতাদের কাছ থেকে সরাসরি সমস্যার কথা শোনার পর প্রয়োজনীয় ত্রুটি দ্রুত দূর করতে পৌর পরিষদকে নির্দেশ দেন বিধায়ক।এর পাশাপাশি ধর্মনগর শহরের যানজট কমানো এবং ট্রাফিক ব্যবস্থাকে আরও সুশৃঙ্খল করতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। শহরের ইলেকট্রিক হাই-স্পিড অটো এবং ডিজেল অটো-র জন্য মহেশ স্মৃতি ময়দানে অস্থায়ী স্ট্যান্ড তৈরি করতে পৌর পরিষদকে এক সপ্তাহের মধ্যে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন বিধায়ক জহর চক্রবর্তী।প্রশাসনের আশা, অস্থায়ী বাজারে বিক্রেতাদের সমস্যা দ্রুত সমাধান এবং নতুন অটো স্ট্যান্ড চালু হলে শহরের ট্রাফিক ব্যবস্থাপনায়ও ইতিবাচক পরিবর্তন আসবে।
ধর্মনগরে অস্থায়ী মাছ-মাংস বাজার পরিদর্শন, অটো স্ট্যান্ড গড়তে এক সপ্তাহের নির্দেশ
