Headlines

নেতাজিনগরে রক্তাক্ত জাতীয় সড়ক, লরির ধাক্কায় টমটম চালক গুরুতর জখম

তেলিয়ামুড়া, ৮ আগস্ট: ফের ভয়াবহ দুর্ঘটনায় রক্তাক্ত হল আসাম-আগরতলা জাতীয় সড়ক। শুক্রবার গভীর রাতে তেলিয়ামুড়া থানাধীন নেতাজিনগর এলাকায় দূরপাল্লার লরি ও একটি টমটমের মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হলেন ১৮ বছরের টমটম চালক দীপ্তনু সরকার।জানা গেছে, TR-06A-1976 নম্বরের মহিন্দ্রা টমটমটি তেলিয়ামুড়া থেকে চাকমাঘাটের দিকে যাচ্ছিল। রাত আনুমানিক ১১টা নাগাদ নেতাজিনগর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি দূরপাল্লার লরির সঙ্গে টমটমটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় টমটমটির সামনের ও পেছনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং গাড়ির ভিতরে আটকে পড়েন চালক।ঘটনাটি প্রথম দেখতে পান স্থানীয় দুই সাংবাদিক রাহুল পাল ও মৃন্ময় রায়। তাঁদের চিৎকারে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। এরপর স্থানীয়দের সহযোগিতায় শুরু হয় উদ্ধার অভিযান।প্রায় ৪০ মিনিটেরও বেশি সময় ধরে চেষ্টা চালানোর পর গুরুতর আহত দীপ্তনু সরকারকে গাড়ির ভিতর থেকে উদ্ধার করা সম্ভব হয়। পরে দমকলের গাড়িতে করে তাঁকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য আগরতলার জিবিপি হাসপাতালে রেফার করা হয়েছে।এই দুর্ঘটনার পর ফের প্রশ্ন উঠেছে জাতীয় সড়কে দুর্ঘটনাগ্রস্তদের দ্রুত উদ্ধারের পরিকাঠামো নিয়ে। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, আধুনিক উদ্ধার সরঞ্জামের অভাবে গাড়ির ভিতরে আটকে থাকা আহত যুবককে দ্রুত বের করা সম্ভব হয়নি। বড় দুর্ঘটনার ক্ষেত্রে দ্রুত উদ্ধারকাজ নিশ্চিত করতে আধুনিক সরঞ্জাম ও পর্যাপ্ত পরিকাঠামোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *