মেলাঘর, ৮ আগস্ট: দীর্ঘদিনের অবহেলা ও সংস্কারের অভাবে ক্রমেই বিপজ্জনক হয়ে উঠছে মেলাঘর থেকে তেলকাজলা যাওয়ার ঝুলন্ত স্টিল ফুটব্রিজ। সেতুর বিভিন্ন অংশের স্টিলের পাত নষ্ট হয়ে তৈরি হয়েছে বড় বড় গর্ত। সেই ঝুঁকিপূর্ণ পথ দিয়েই প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন সাধারণ মানুষ।গোমতী নদীর দক্ষিণ পাড়ের পাঁচটি পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম এই সেতুটি। বর্তমানে সেতুর পরিস্থিতি এতটাই বেহাল যে সামান্য অসাবধানতায় কিংবা পা পিছলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। তাঁদের দাবি, ইতিমধ্যেই সেতুটিতে ছোটখাটো দুর্ঘটনাও ঘটেছে।স্থানীয়দের অভিযোগ, প্রায় এক মাস আগে বিভিন্ন সংবাদমাধ্যমে সেতুটির বেহাল দশার ছবি ও খবর প্রকাশিত হলেও এখনও পর্যন্ত সংস্কারের কার্যকর উদ্যোগ দেখা যায়নি। বরং সময়ের সঙ্গে সঙ্গে ক্ষতিগ্রস্ত অংশ আরও বিপজ্জনক হয়ে উঠছে।জানা যায়, ২০১৩ সালে তৎকালীন মুখ্যমন্ত্রী মানিক সরকার তেলকাজলা যাওয়ার এই ঝুলন্ত সেতুটির উদ্বোধন করেছিলেন। দীর্ঘদিন ধরে ব্যবহার হওয়ার পাশাপাশি নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবে বর্তমানে সেতুর বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।স্থানীয়দের অভিযোগ, সমস্যাটি নতুন নয়। দীর্ঘদিন ধরেই সেতুর বিভিন্ন অংশে ক্ষয়ক্ষতি দেখা গেলেও স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হয়নি। সংবাদমাধ্যমে বিষয়টি প্রকাশ্যে আসার পরও এক মাস পেরিয়ে যাওয়ায় ক্ষোভ বাড়ছে এলাকাবাসীর মধ্যে।এখন প্রশ্ন উঠছে, বড় কোনো দুর্ঘটনা ঘটার পরেই কি সংশ্লিষ্ট দপ্তরের টনক নড়বে, নাকি তার আগেই ঝুঁকিপূর্ণ সেতুটির সংস্কারে নেওয়া হবে কার্যকর পদক্ষেপ?সাধারণ মানুষের দাবি, দ্রুত সেতুটি পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত অংশগুলি মেরামত করা হোক এবং পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক।
ঝুলন্ত ফুটব্রিজে বড় বড় গর্ত! মেলাঘর-তেলকাজলায় আতঙ্কে পথচারীরা
