আগরতলা, ৮ আগস্ট: পড়াশোনার পাশাপাশি ছাত্রছাত্রীদের শারীরিক ও মানসিক বিকাশ এবং পারস্পরিক সৌহার্দ্য গড়ে তুলতে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। এই লক্ষ্যেই সেন্ট জন বসকোর জন্মদিন উপলক্ষে ডন বসকো স্কুল, আগরতলায় আয়োজন করা হয়েছে আন্তঃস্কুল ফুটবল ও ভলিবল নকআউট টুর্নামেন্ট।ছাত্রীদের জন্য ভলিবল এবং ছাত্রদের জন্য ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিভিন্ন স্কুলের পড়ুয়ারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। মাঠের খেলাকে কেন্দ্র করে ছাত্রছাত্রীদের মধ্যে যেমন প্রতিযোগিতার মানসিকতা তৈরি হচ্ছে, তেমনি পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যও গড়ে উঠছে।টুর্নামেন্টকে ঘিরে ডন বসকো স্কুলের প্রিন্সিপাল ও শিক্ষক-শিক্ষিকারা সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন। তাঁদের মতে, পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণ করলে শিশুদের আত্মবিশ্বাস, শৃঙ্খলা, নেতৃত্বের গুণ এবং দলগতভাবে কাজ করার মানসিকতা তৈরি হয়।স্কুলের প্রিন্সিপাল ফাদার জুয়েল বলেন, ছাত্রছাত্রীরা যত বেশি খেলাধুলার সঙ্গে যুক্ত হবে, তাদের সামগ্রিক বিকাশ তত বেশি সঠিক পথে এগিয়ে যাবে। খেলাধুলার মাধ্যমে তারা ভালো-মন্দের পার্থক্য বুঝে ইতিবাচক দিক বেছে নেওয়ার সুযোগ পাবে।শুধু প্রতিযোগিতা নয়, ছাত্রছাত্রীদের সুস্থ জীবনযাপন, পারস্পরিক সম্মান ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার লক্ষ্যেই এই উদ্যোগ বলে জানান বিদ্যালয় কর্তৃপক্ষ।
পড়াশোনার পাশাপাশি মাঠে গড়ুক ভবিষ্যৎ, ডন বসকোয় ফুটবল-ভলিবল টুর্নামেন্ট
