আগরতলা, ৮ আগস্ট: ত্রিপুরার প্রাক্তন বিধায়িকা তথা রাজ্যের প্রথম মহিলা বিধায়িকা গৌরী ভট্টাচার্যের প্রয়াণে গভীর শোকের ছায়া নেমে এসেছে রাজনৈতিক মহলে। তাঁর মরদেহ এদিন ত্রিপুরা বিধানসভা প্রাঙ্গণে নিয়ে আসা হলে দলমত নির্বিশেষে তাঁকে শেষ শ্রদ্ধা জানান বিধানসভার সদস্যরা।গৌরী ভট্টাচার্য ১৯৭৭ থেকে ১৯৮৩ সাল পর্যন্ত বড়জলা বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত হয়ে বিধায়কের দায়িত্ব পালন করেন। রাজ্যের রাজনৈতিক ইতিহাসে তিনিই প্রথম মহিলা বিধায়িকা হিসেবে বিশেষ মর্যাদা অর্জন করেন।এদিন বিধানসভা প্রাঙ্গণে তাঁর মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, মন্ত্রী সুশান্ত চৌধুরী, সুধাংশু দাস, টিঙ্কু রায় ও শান্তনা চাকমা। পাশাপাশি বাম বিধায়ক নয়ন সরকার, সুদীপ সরকার, দীপঙ্কর সেনসহ অন্যান্য বিধায়ক ও জনপ্রতিনিধিরাও প্রয়াত নেত্রীর প্রতি শ্রদ্ধা জানান।গৌরী ভট্টাচার্যের দীর্ঘ রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করে উপস্থিতরা তাঁর অবদানের কথা স্মরণ করেন। তাঁর প্রয়াণে ত্রিপুরার রাজনৈতিক অঙ্গনে এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের অবসান হল বলে মত প্রকাশ করেন অনেকে।বিধানসভা প্রাঙ্গণে শ্রদ্ধা নিবেদনের সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। দলীয় মতাদর্শের ঊর্ধ্বে উঠে বিভিন্ন দলের জনপ্রতিনিধিরা প্রয়াত প্রাক্তন বিধায়িকার প্রতি শেষ শ্রদ্ধা জানান।
ত্রিপুরার প্রথম মহিলা বিধায়িকা গৌরী ভট্টাচার্যকে শেষ শ্রদ্ধা, বিধানসভায় শোকের আবহ
