আগরতলা, ৮ আগস্ট: ত্রিপুরার প্রাক্তন বিধায়িকা তথা রাজ্যের প্রথম মহিলা বিধায়িকা গৌরী ভট্টাচার্যের প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে সিপিআইএমের অন্দরে। তাঁর মরদেহ সিপিআইএমের রাজ্য দপ্তরে নিয়ে আসা হলে দলীয় নেতৃত্ব ও কর্মীরা শেষ শ্রদ্ধা জানান।গৌরী ভট্টাচার্য ১৯৭৭ থেকে ১৯৮৩ সাল পর্যন্ত বড়জলা বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত হয়ে বিধায়কের দায়িত্ব পালন করেন। রাজ্যের রাজনৈতিক ইতিহাসে প্রথম মহিলা বিধায়িকা হিসেবে তাঁর ভূমিকা বিশেষভাবে স্মরণীয়।এদিন সিপিআইএম রাজ্য কমিটি ও জেলা কমিটির পক্ষ থেকে প্রয়াত নেত্রীর প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা নিবেদন করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, প্রাক্তন বিদ্যুৎমন্ত্রী মানিক দে, প্রাক্তন সাংসদ শংকর প্রসাদ দত্তসহ সিপিআইএমের অন্যান্য শীর্ষ নেতৃত্ব ও দলীয় কর্মীরা।শ্রদ্ধা নিবেদন শেষে নেতৃবৃন্দ গৌরী ভট্টাচার্যের রাজনৈতিক জীবন ও দলের প্রতি তাঁর অবদানের কথা স্মরণ করেন। তাঁর প্রয়াণে দলের পাশাপাশি রাজ্যের রাজনৈতিক অঙ্গনেও অপূরণীয় ক্ষতি হয়েছে বলে শোকপ্রকাশ করেন তাঁরা।সিপিআইএম রাজ্য দপ্তরে শ্রদ্ধা নিবেদনের সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। দীর্ঘ রাজনৈতিক জীবনে গৌরী ভট্টাচার্যের অবদান ও সংগ্রামী ভূমিকা স্মরণ করে তাঁকে শেষ বিদায় জানান দলীয় নেতৃত্ব।
প্রথম মহিলা বিধায়িকা গৌরী ভট্টাচার্যকে শেষ শ্রদ্ধা, সিপিআইএম রাজ্য দপ্তরে আবেগঘন পরিবেশ
