বিশালগড়, ৮ আগস্ট: অসহায় এক ব্যক্তিকে মাথা গোঁজার ঠাঁই দিতে গিয়ে এবার নিজেই বিপাকে পড়েছেন বিশালগড়ের মধ্য ব্রজপুরের বাসিন্দা দীপক দত্ত। অভিযোগ, বাড়িতে আশ্রয় দেওয়া ব্যক্তির হামলায় গুরুতর আহত হয়ে শেষ পর্যন্ত থানায় আশ্রয় নিতে হয়েছে তাঁকে।স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে লিটন দেবনাথ নামে এক অসহায় ব্যক্তি ও তাঁর স্ত্রীকে অন্য ব্যবস্থা না হওয়া পর্যন্ত নিজের বাড়িতে থাকার সুযোগ দিয়েছিলেন দীপক দত্ত। কিন্তু অভিযোগ, পরবর্তীতে লিটন ওই বাড়ির ওপর নিজের অধিকার দাবি করতে শুরু করেন।শনিবার বাড়ির সামনে লিটন একটি গাছ কাটছিলেন বলে অভিযোগ। দীপক বাধা দিতে গেলে দুজনের মধ্যে বচসা শুরু হয়। অভিযোগ, সেই সময় লিটন কোদাল দিয়ে দীপকের পায়ে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় দীপককে বিশালগড় থানায় যেতে হয় বলে জানা গেছে।দীপকের আরও অভিযোগ, এর আগেও তাঁকে বাজারে মারধর করা হয়েছিল। তাঁর দাবি, বাড়ির জমি দখল করার উদ্দেশ্যেই তাঁকে বিভিন্নভাবে চাপ দেওয়া হচ্ছে।ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। আহত দীপকের পক্ষ থেকে থানায় অভিযোগ জানানো হয়েছে বলে জানা গেছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। তবে অভিযুক্ত পক্ষের বক্তব্য এখনও জানা যায়নি।
আশ্রয় দিয়েছিলেন অসহায়কে, এবার কোদালের আঘাতে জখম বাড়ির মালিক! থানায় দীপক
