বিদ্যুৎ পরিষেবা, বাড়তি বিদ্যুৎ মাশুল, SIR, আদিবাসী অধিকার এবং মথা-বিজেপি সম্পর্কসহ একাধিক ইস্যুতে সরব হলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। রবিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য সরকারের বিদ্যুৎ নীতি নিয়ে তীব্র সমালোচনা করেন তিনি।বিদ্যুৎ পরিষেবা প্রসঙ্গে জিতেন্দ্র চৌধুরী দাবি করেন, বেসরকারি সংস্থার হাতে বিদ্যুৎ পরিষেবা তুলে দেওয়ার পর থেকেই সমস্যা বেড়েছে। স্মার্ট মিটার তুলে দিয়ে বিদ্যুৎ নিগমের হাতে পরিষেবার দায়িত্ব দেওয়ার দাবি জানান তিনি। পাশাপাশি বাড়তি বিদ্যুৎ মাশুলের বোঝা কমাতে রাজ্য সরকারকে ভর্তুকি দেওয়ার আহ্বান জানান বিরোধী দলনেতা।SIR প্রসঙ্গে তাঁর বক্তব্য, বৈধ ভোটারদের কোনওভাবেই বাদ দেওয়া যাবে না। আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিহার ও পশ্চিমবঙ্গের মতো পরিস্থিতি তৈরি হলে সিপিআইএম মাঠে নামবে বলেও জানান তিনি।আন্তর্জাতিক আদিবাসী জনগোষ্ঠী দিবস প্রসঙ্গে বিজেপির নৈতিকতা নিয়েও প্রশ্ন তোলেন জিতেন্দ্র। ADC-সহ আদিবাসীদের বিভিন্ন দাবি এবং ১২৫তম সংবিধান সংশোধনী বিলের বিষয়েও বক্তব্য রাখেন তিনি।এদিকে মথা-বিজেপি সম্পর্ক নিয়েও বিস্ফোরক মন্তব্য করেন বিরোধী দলনেতা। দিল্লিতে বৈঠকের নামে ‘দর কষাকষি’ চলছে বলে কটাক্ষ করে তাঁর দাবি, ২০২৩ সাল থেকেই দুই দলের মধ্যে সম্পর্ক রয়েছে। মথার নিচুতলায় বিদ্রোহ তৈরি হয়েছে বলেও দাবি করেন তিনি। পাশাপাশি মথা একা লড়াইয়ের পথে যেতে পারে—এমন ইঙ্গিতও তাঁর বক্তব্যে উঠে আসে।
বিদ্যুৎ, SIR ও মথা-বিজেপি সমীকরণে সরব জিতেন্দ্র, দিল্লির বৈঠককে বললেন ‘দর কষাকষি’
