অস্বাভাবিক হারে বিদ্যুৎ বিল বৃদ্ধির অভিযোগ তুলে ভূতুরিয়া বিদ্যুৎ নিগমের অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখাল তিপরা মথা দলের মাইনোরিটি সেল। বিদ্যুৎ বিলের ঊর্ধ্বগতি, সাধারণ মানুষের উপর বাড়তি আর্থিক চাপ এবং বিল সংক্রান্ত জবাবদিহির দাবিতে এই কর্মসূচি নেওয়া হয়।বিক্ষোভকারীদের হাতে ছিল বিভিন্ন স্লোগান লেখা প্ল্যাকার্ড। তাঁদের অভিযোগ, সাধারণ মানুষের আর্থিক সামর্থ্যের কথা বিবেচনা না করেই বিদ্যুৎ বিল বাড়ছে। কারও কারও ক্ষেত্রে কয়েক হাজার টাকার বিল আসছে বলেও দাবি করেন তাঁরা।বিক্ষোভ কর্মসূচি থেকে বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন আন্দোলনকারীরা। বিদ্যুৎ বিলের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার দাবি জানানো হয়।পরে বিক্ষোভকারীদের একটি প্রতিনিধি দল বিদ্যুৎ দপ্তরের আধিকারিকদের কাছে ডেপুটেশন প্রদান করে। অতিরিক্ত বিলের সমস্যা খতিয়ে দেখা, সাধারণ গ্রাহকদের হয়রানি বন্ধ এবং বিদ্যুৎ বিল সংক্রান্ত অভিযোগের দ্রুত নিষ্পত্তির দাবি জানানো হয়।আন্দোলনকারীরা জানান, তাঁদের দাবিগুলির দ্রুত সমাধান না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তাঁরা।
⚡ “বিদ্যুৎ বিল মানি না”—ভূতুরিয়ায় বিদ্যুৎ দপ্তর ঘেরাও, তিপরা মথার বিক্ষোভ
