Headlines

মরণফাঁদ ঝুলন্ত সেতুতে দুর্ঘটনা, ফাঁকে পা গলে রক্তাক্ত ৬০ বছরের বৃদ্ধ

মেলাঘর: দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ঝুঁকিপূর্ণ হয়ে থাকা তেল কাজলা ঝুলন্ত সেতুতে ফের দুর্ঘটনা। সেতুর ফাঁকে পা গলিয়ে গুরুতরভাবে আহত হলেন আব্দুল বারেক নামে প্রায় ৬০ বছরের এক বৃদ্ধ। ঘটনাকে ঘিরে প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের ভূমিকা নিয়ে ক্ষোভ ছড়িয়েছে এলাকায়।ধনপুর বিধানসভার তেল কাজলা ও বানিয়াছড়া এলাকার সংযোগকারী ঐতিহ্যবাহী এই ঝুলন্ত সেতুটি দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় রয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। সেতুটি সংস্কারের দাবিতে একাধিকবার প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাছে আবেদন জানানো হলেও কোনও কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি বলে দাবি তাঁদের।স্থানীয়দের অভিযোগ, সেতুর বিভিন্ন অংশে তৈরি হয়েছে বিপজ্জনক ফাঁক। সেই ঝুঁকিপূর্ণ অংশ দিয়েই যাতায়াত করতে বাধ্য হচ্ছেন সাধারণ মানুষ।এরই মধ্যে সেতু দিয়ে খালি পায়ে হেঁটে যাওয়ার সময় ফাঁকে পা গলে দুর্ঘটনার কবলে পড়েন আব্দুল বারেক। তাঁর পায়ে গভীর ক্ষত তৈরি হয়ে রক্তপাত শুরু হয়। যন্ত্রণায় চিৎকার করে একসময় জ্ঞান হারিয়ে ফেলেন তিনি।ঘটনা দেখতে পেয়ে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে সেতুর পাশে একটি দোকানে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিকভাবে মাথায় জল দিয়ে দীর্ঘ প্রচেষ্টার পর তাঁর জ্ঞান ফেরানো সম্ভব হয়।স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, দীর্ঘদিন ধরেই সেতুটির বিপজ্জনক পরিস্থিতি নিয়ে সতর্ক করা হয়েছে। তাঁদের আশঙ্কা, দ্রুত সংস্কার না করা হলে ভবিষ্যতে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারে।স্থানীয়দের দাবি, কোনও প্রাণহানি ঘটার আগেই অবিলম্বে তেল কাজলা ঝুলন্ত সেতুটির সংস্কার ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *