মেলাঘর: প্রায় ৯০ জন পড়ুয়া, অথচ গোটা বিদ্যালয় সামলানোর জন্য শিক্ষক মাত্র দু’জন। শিক্ষক সংকটে মেলাঘরের তেল কাজলা প্রাথমিক বিদ্যালয়ে ব্যাহত হচ্ছে স্বাভাবিক পঠনপাঠন। ফলে উদ্বিগ্ন পড়ুয়া ও অভিভাবকরা।একসময় এলাকার অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত ছিল এই বিদ্যালয়। পর্যাপ্ত শিক্ষক-শিক্ষিকা থাকায় নিয়মিত ক্লাসও চলত। কিন্তু বর্তমানে শিক্ষক সংখ্যা কমতে কমতে মাত্র দু’জনে এসে ঠেকেছে বলে অভিযোগ।বিদ্যালয়ে পর্যাপ্ত শিক্ষক না থাকায় প্রতিটি শ্রেণির নিয়মিত ক্লাস নেওয়া কার্যত কঠিন হয়ে পড়েছে। এর সরাসরি প্রভাব পড়ছে পড়ুয়াদের পড়াশোনায়। দীর্ঘদিন ধরে এই সমস্যা চলতে থাকায় শিশুদের শিক্ষার মান ও ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবকরা।অভিভাবকদের দাবি, অবিলম্বে তেল কাজলা প্রাথমিক বিদ্যালয়ে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক-শিক্ষিকা নিয়োগ করতে হবে। তাঁদের অভিযোগ, শিক্ষা নিয়ে নানা উদ্যোগের কথা বলা হলেও প্রত্যন্ত এলাকার স্কুলগুলিতে শিক্ষক সংকটের মতো মৌলিক সমস্যা এখনও রয়ে গিয়েছে।স্থানীয়দের আশঙ্কা, দ্রুত শিক্ষক নিয়োগ না করা হলে আগামী দিনে আরও বড় সমস্যার মুখে পড়তে পারে বিদ্যালয়ের পঠনপাঠন ব্যবস্থা।শিক্ষা দপ্তর কবে এই সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ নেয়, এখন সেদিকেই তাকিয়ে পড়ুয়া, অভিভাবক ও এলাকাবাসী।
৯০ পড়ুয়ার স্কুলে শিক্ষক মাত্র ২! তেল কাজলা প্রাথমিক বিদ্যালয়ে চরম সংকট
