স্বাধীনতার ৮০তম বর্ষপূর্তির আবহে খুমুলুঙের টিটিএএডিসি পলিটেকনিক ইনস্টিটিউটে দেশপ্রেমের পাশাপাশি দেশভাগের বেদনাময় ইতিহাস স্মরণে বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। ‘Partition Horrors Remembrance Day Exhibition’-এর পাশাপাশি অনুষ্ঠিত হয় ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি ও বর্ণাঢ্য তিরঙ্গা র্যালি।প্রদর্শনীর মাধ্যমে ১৯৪৭ সালের দেশভাগে বাস্তুচ্যুতি, স্বজন হারানো, ঘরছাড়া মানুষের দুর্দশা ও আত্মত্যাগের নানা স্মৃতি পড়ুয়াদের সামনে তুলে ধরা হয়। ফিতা কেটে প্রদর্শনীর উদ্বোধন করেন ত্রিপুরা সরকারের মন্ত্রী বিকাশ দেববর্মা।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন, শিক্ষার উদ্দেশ্য শুধু নিজের ভবিষ্যৎ গড়া নয়, সমাজ ও মানুষের প্রতি দায়িত্ববোধ তৈরি করাও। জাতি-সম্প্রদায়ের বিভাজনের ঊর্ধ্বে উঠে মানবকল্যাণে কাজ করার জন্য তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানান তিনি।এদিন কৃতী পড়ুয়াদের মেধা সম্মাননাও দেওয়া হয়। পরে মন্ত্রী, শিক্ষক-শিক্ষিকা ও পড়ুয়ারা তিরঙ্গা হাতে বর্ণাঢ্য র্যালিতে অংশ নেন। বিভিন্ন পথ পরিক্রমা করে র্যালিটি ইনস্টিটিউট প্রাঙ্গণে শেষ হয়।স্বাধীনতার আনন্দের পাশাপাশি দেশভাগের যন্ত্রণা ও অসংখ্য মানুষের আত্মত্যাগের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার এই উদ্যোগে জাতীয় ঐক্য, সম্প্রীতি ও দেশপ্রেমের বার্তা উঠে আসে।
খুমুলুঙে তিরঙ্গার সঙ্গে দেশভাগের ক্ষত, নতুন প্রজন্মের সামনে ইতিহাসের কঠিন অধ্যায়
