খোয়াই প্রতিনিধি:খোয়াই-আগরতলা ভায়া সুবল সিং ১০৮ নম্বর জাতীয় সড়কে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক বাইক আরোহীর। গুরুতর আহত হয়েছেন বাইকে থাকা এক মহিলা। বৃহস্পতিবার বিকেলে দুর্ঘটনাটি ঘটে।জানা গেছে, সুবল সিং থেকে খোয়াইয়ের দিকে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন ওই যুবক ও মহিলা। সেই সময় দ্রুতগতির একটি গাড়ি তাদের বাইকে ধাক্কা মারে। দুর্ঘটনার জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় যুবকের। গুরুতর আহত অবস্থায় মহিলা আরোহীকে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে আগরতলার জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়।খোয়াই জেলার অতিরিক্ত জেলা পুলিশ সুপার জাস্টিন জোসেফ জানান, মৃত যুবকের নাম রতিশ দেববর্মা। আহত মহিলা আরোহীর পরিচয় এখনও জানা যায়নি। দুর্ঘটনার পর অভিযুক্ত গাড়িটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গাড়িটিকে শনাক্ত করে আটক করার জন্য পুলিশ তল্লাশি চালাচ্ছে।
বেপরোয়া গাড়ির ধাক্কায় বাইক আরোহীর মৃত্যু, গুরুতর আহত মহিলা
