গোমতী জেলার সার্বিক উন্নয়ন, কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন এবং প্রশাসনিক কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার। উদয়পুর সার্কিট হাউসের কনফারেন্স হলে জেলা উন্নয়ন সমন্বয় ও পর্যবেক্ষণ কমিটি বা দিশা কমিটির এই বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে সভাপতিত্ব করেন ত্রিপুরা পূর্ব লোকসভা কেন্দ্রের সাংসদ তথা গোমতী জেলা দিশা কমিটির সহ-সভাপতি কৃতি দেবী দেববর্মা। উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ রামপদ জমাতিয়া, গোমতী জেলার জেলাশাসক রিঙ্কু লাথের, বিভিন্ন দপ্তরের আধিকারিক, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা।বৈঠকের শুরুতেই জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বর্তমান পরিস্থিতি, কাজের অগ্রগতি এবং সাধারণ মানুষের জন্য চালু থাকা সরকারি প্রকল্পগুলির বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে নিজ নিজ বিভাগের উন্নয়নমূলক কাজের অগ্রগতি সংক্রান্ত রিপোর্টও তুলে ধরা হয়।বিশেষভাবে গ্রামীণ উন্নয়ন, জনকল্যাণ, পরিকাঠামো উন্নয়নসহ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন পরিস্থিতি পর্যালোচনা করা হয়। প্রকল্পগুলির সুবিধা প্রকৃত উপভোক্তাদের কাছে সঠিকভাবে পৌঁছাচ্ছে কিনা, সেই বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।কৃতি দেবী দেববর্মা বলেন, দিশা কমিটির বৈঠকের মূল উদ্দেশ্য হলো কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলি সঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে কিনা তা পর্যালোচনা করা এবং সাধারণ মানুষ যাতে সরকারি সুবিধা থেকে বঞ্চিত না হন তা নিশ্চিত করা।তিনি উন্নয়নমূলক প্রকল্পগুলির কাজ দ্রুত শেষ করার পাশাপাশি কাজের গুণগত মান বজায় রাখার ওপর জোর দেন। সাধারণ মানুষের সমস্যাগুলি চিহ্নিত করে দ্রুত সমাধানের জন্য প্রশাসনকে আরও সক্রিয় ভূমিকা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
গোমতীর উন্নয়ন নিয়ে দিশা কমিটির বৈঠক, প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখলেন কৃতি দেবী
