আগরতলা পুর নিগমের ২৫ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ধলেশ্বর ১৩ নম্বর রোড দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। রাস্তার বেশিরভাগ অংশই খানাখন্দে পরিণত হওয়ায় প্রতিদিন দুর্ভোগে পড়ছেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পথচারী ও যানবাহন চালকরা।এই রাস্তাতেই রয়েছে নাইটিংগেল নার্সিং হোমের মতো একটি গুরুত্বপূর্ণ চিকিৎসাকেন্দ্র। ফলে প্রতিদিন রোগী ও তাঁদের পরিজনদের পাশাপাশি শতাধিক যানবাহন ও সাধারণ মানুষের যাতায়াত রয়েছে এই পথে।স্থানীয়দের অভিযোগ, রাস্তা সংস্কারের জন্য একাধিকবার কাউন্সিলর সীমা দেবনাথের দৃষ্টি আকর্ষণ করা হলেও এখনও পর্যন্ত সংস্কারের কাজ শুরু হয়নি। এর ফলে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বাড়ছে।শুধু রাস্তার বেহাল দশাই নয়, সামান্য বৃষ্টি হলেই গোটা রাস্তা জলমগ্ন হয়ে পড়ে। এতে যান চলাচলে সমস্যা তৈরি হওয়ার পাশাপাশি দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে। এলাকায় কভার ড্রেনের কাজও এখনও সম্পূর্ণ হয়নি বলে অভিযোগ স্থানীয়দের।সরকারি উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে এতটা গাফিলতি কেন—তা নিয়েও প্রশ্ন তুলেছেন এলাকাবাসী। যদিও পুরো বিষয়টি নিয়ে এখনও জনপ্রতিনিধিদের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।সংবাদ প্রকাশের পর দীর্ঘদিনের এই সমস্যার সমাধানে প্রশাসন ও পুর নিগম কী পদক্ষেপ নেয়, এখন সেদিকেই তাকিয়ে রয়েছেন ধলেশ্বর ১৩ নম্বর রোডের বাসিন্দারা।
ধলেশ্বর ১৩ নম্বর রোডের বেহাল দশা, ক্ষোভ এলাকাবাসীর
