টানা ভারী বৃষ্টিপাতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন বামুটিয়া কৃষি মহকুমার অন্তর্গত বিভিন্ন এলাকার কৃষকরা। বামুটিয়া, জলিলপুর, নোয়াগাঁও, তালতলা, গুচামুড়া-সহ একাধিক এলাকায় কৃষিজমি জলমগ্ন হয়ে পড়েছে।স্থানীয় কৃষকদের দাবি, সীমান্ত কাঁটাতারের বেড়ার এপার-ওপার উভয় দিকেই বিস্তীর্ণ কৃষিজমি জলের তলায় চলে গেছে। দীর্ঘ সময় ধরে জল জমে থাকায় ফসল নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এখনও জল নামেনি বলে পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে।শুধু কৃষিজমিই নয়, বৃষ্টির জেরে বামুটিয়া এলাকায় বেশ কয়েকটি পরিবার নিজেদের বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছে। পাশাপাশি জলের স্রোতে একটি মোটরবাইক তলিয়ে যাওয়ার ঘটনাও ঘটেছে বলে জানা গেছে।ক্ষতিগ্রস্ত কৃষকদের অভিযোগ, এখনও পর্যন্ত প্রশাসন বা কৃষি মহকুমার আধিকারিকদের ক্ষতিগ্রস্ত এলাকায় সরেজমিনে পরিদর্শন করতে দেখা যায়নি। ফলে ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র নিরূপণ এবং সরকারি সহায়তা পাওয়া নিয়ে উদ্বেগ রয়েছে তাঁদের মধ্যে।এই পরিস্থিতিতে নষ্ট হয়ে যাওয়া ফসলের ক্ষতিপূরণ ও প্রয়োজনীয় সরকারি সহায়তার আবেদন জানিয়েছেন কৃষকরা। সরকারের পক্ষ থেকে দ্রুত সাহায্য পাওয়ার আশায় রয়েছেন তাঁরা।সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বৃষ্টিতে ফসলের ক্ষয়ক্ষতি ও তাঁদের দুর্ভোগের কথা তুলে ধরেন এক ক্ষতিগ্রস্ত কৃষক।
ভারী বৃষ্টিতে বামুটিয়ায় ফসলের ব্যাপক ক্ষতি, সরকারি সাহায্যের আবেদন কৃষকদের
