কৈলাসহরে বিদ্যুৎ পরিষেবার অবনতি, দীর্ঘক্ষণ লোডশেডিং এবং অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগকে কেন্দ্র করে সরব হলো ঊনকোটি জেলা কংগ্রেস। শুক্রবার দুপুরে সাই কম্পিউটার লিমিটেডের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে প্রতিবাদ মিছিল, বিক্ষোভ ও পথ অবরোধ কর্মসূচি পালন করেন কংগ্রেস কর্মী-সমর্থকরা।দুপুর প্রায় ৩টা নাগাদ ঊনকোটি জেলা কংগ্রেস কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা পরিক্রমা করে পুরাতন মোটরস্ট্যান্ডে সাই কম্পিউটার লিমিটেডের কার্যালয়ের সামনে পৌঁছায়। সেখানে পথ অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। কর্মসূচিতে জেলা কংগ্রেস সভাপতি বদরুজ্জামান, কংগ্রেস নেতা চন্দ্রশেখর সিনহাসহ দলের বহু কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।বিক্ষোভ থেকে বিদ্যুৎ পরিষেবা নিয়ে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, কৈলাসহর ও সংলগ্ন এলাকায় নিয়মিত দীর্ঘ সময় বিদ্যুৎ থাকছে না। তীব্র গরমের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ বিভ্রাটের কারণে পানীয় জল সরবরাহ, ব্যবসা-বাণিজ্য, পড়াশোনা এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।বিদ্যুতের বিল নিয়েও ক্ষোভ প্রকাশ করেন কংগ্রেস নেতৃত্ব। তাঁদের দাবি, বহু গ্রাহকের কাছে অস্বাভাবিক হারে বিল আসছে। পাশাপাশি বিদ্যুৎ সংক্রান্ত অভিযোগ জানাতে গিয়ে দ্রুত পরিষেবা বা সন্তোষজনক প্রতিকার না পাওয়ার অভিযোগও তোলা হয়।কংগ্রেসের অন্যতম দাবি, কৈলাসহরে বিদ্যুৎ পরিষেবা পরিচালনার দায়িত্বে থাকা সাই কম্পিউটার লিমিটেডকে সরিয়ে পুনরায় ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেডের (TSECL) হাতে বিদ্যুৎ বিতরণের দায়িত্ব ফিরিয়ে দিতে হবে।আন্দোলনকারীদের অভিযোগ, সাধারণ মানুষের স্বার্থ উপেক্ষা করে বিদ্যুৎ পরিষেবায় অব্যবস্থাপনা চলছে। দ্রুত সমস্যার সমাধান না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হয়।এদিনের পথ অবরোধের জেরে এলাকায় সাময়িকভাবে যান চলাচলে প্রভাব পড়ে। বিদ্যুৎ পরিষেবা ও বিল সংক্রান্ত দীর্ঘদিনের ক্ষোভকে সামনে রেখে কংগ্রেসের এই কর্মসূচিকে ঘিরে কৈলাসহরে রাজনৈতিক উত্তেজনাও তৈরি হয়। এখন গ্রাহকদের অভিযোগের নিষ্পত্তি এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কী পদক্ষেপ নেয়, সেদিকেই নজর সাধারণ মানুষের।
বিদ্যুৎ বিভ্রাট ও চড়া বিলের অভিযোগে কৈলাসহরে কংগ্রেসের বিক্ষোভ, পথ অবরোধ
