উদয়পুরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন সরকারি বিদ্যালয়ের শিক্ষক তথা বিশিষ্ট কবি, লেখক ও প্রকাশক প্রীতম ভট্টাচার্য। গত ২৬ আগস্ট বুধবার বিবেক সংঘ সংলগ্ন এলাকায় দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর বৃহস্পতিবার আগরতলার আইএলএস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তাঁর আকস্মিক প্রয়াণে উদয়পুরজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।শনিবার উদয়পুর জগন্নাথ চৌমুহনী এলাকার প্রীতম ভট্টাচার্যের বাসভবনে যান রাজ্যের অর্থমন্ত্রী তথা রাধাকিশোরপুরের বিধায়ক প্রণজিৎ সিংহ রায়। শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে তিনি সমবেদনা জানান এবং এই কঠিন সময়ে পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।এদিন বাড়িতে বসেই দুর্ঘটনার বিষয়টি নিয়ে গোমতি জেলা পুলিশের পুলিশ সুপার অনির্বাণ দাসের সঙ্গে ফোনে কথা বলেন মন্ত্রী। দুর্ঘটনায় জড়িত বাইক মালিক ও চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ সুপারকে বিষয়টি গুরুত্ব সহকারে দেখার অনুরোধ জানান তিনি।মন্ত্রী বলেন, প্রীতম ভট্টাচার্যের অকাল প্রয়াণ অত্যন্ত বেদনাদায়ক। শিক্ষকতার পাশাপাশি সাহিত্য ও প্রকাশনা জগতেও তাঁর গুরুত্বপূর্ণ অবদান ছিল। একজন গুণী শিক্ষক, সৃজনশীল সাহিত্যিক ও প্রকাশক হিসেবে তাঁর অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যু সমাজ ও সংস্কৃতি জগতের জন্য অপূরণীয় ক্ষতি বলেও উল্লেখ করেন তিনি।প্রীতম ভট্টাচার্যের আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান অর্থমন্ত্রী। তাঁর অকাল প্রয়াণে শিক্ষক মহল, সাহিত্যপ্রেমী এবং সাধারণ মানুষের মধ্যেও গভীর শোকের আবহ তৈরি হয়েছে।
মর্মান্তিক দুর্ঘটনায় কবি-শিক্ষক প্রীতমের মৃত্যু, পরিবারের পাশে অর্থমন্ত্রী
