দক্ষিণ ত্রিপুরার পশ্চিম সাব্রুমের কাঁঠালছড়ি এলাকায় এক বৃদ্ধার অস্বাভাবিক মৃত্যু ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতার নাম লক্ষ্মী দেবনাথ। পরিবারের অভিযোগ, পুত্রবধূর হাতে মারধরের পর তিনি অ্যাসিড পান করেন এবং পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।পরিবারের দাবি অনুযায়ী, মারধরের অভিযোগ নিয়ে গ্রাম প্রধানের কাছে বিচার চাইতে গিয়েছিলেন লক্ষ্মী দেবনাথ। অভিযোগ, সেখান থেকে বাড়ি ফেরার পর ফের তাঁকে মারধর করেন তাঁর ছোট ছেলের স্ত্রী কৃষ্ণা দেবনাথ। এরপরই তিনি অ্যাসিড পান করেন বলে অভিযোগ উঠেছে।গুরুতর অবস্থায় তাঁকে সাব্রুম মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে মৃত্যুর পর ময়নাতদন্ত না করেই মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছিল বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। বিষয়টি জানাজানি হতেই এলাকায় ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।পরবর্তীতে স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে সাব্রুম থানার পুলিশ মৃতদেহ পুনরায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। এরপর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে ময়নাতদন্ত করা হয়।ঘটনাকে কেন্দ্র করে চিকিৎসা পরিষেবা ও প্রাথমিক তদন্তের প্রক্রিয়া নিয়েও স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠেছে। গোটা ঘটনার নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত কারণ উদঘাটন এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
পুত্রবধূর মারধরের অভিযোগের পর শাশুড়ির মৃত্যু, ময়নাতদন্ত ঘিরে সাব্রুমে চাঞ্চল্য
