খোয়াইয়ের পহরমুড়া বৈদ্যনাথ চৌমুনী এলাকায় সিসিটিভির তার ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে একটি মুদি সামগ্রীর পাইকারি দোকানে দুঃসাহসিক চুরির অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।জানা গেছে, প্রতিদিনের মতো গতকাল রাতে দোকান বন্ধ করে বাড়ি চলে যান ব্যবসায়ী সাগর পাল। অভিযোগ, রাতের কোনো এক সময় চোরেরা দোকানের টিনের বেড়া কেটে ভিতরে প্রবেশ করে। এরপর প্রথমেই দোকানে থাকা সিসিটিভির তার ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় তারা।পরবর্তীতে ক্যাশ বাক্সে থাকা প্রায় ১০ হাজার টাকা সহ বিভিন্ন মূল্যবান সামগ্রী নিয়ে চোরের দল পালিয়ে যায় বলে অভিযোগ।আজ সকালে দোকান খুলতে এসে বিষয়টি নজরে পড়ে মালিকের। খবর দেওয়া হয় খোয়াই থানায়। ঘটনাস্থলে গিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। চুরির ঘটনায় কারা জড়িত এবং কীভাবে পুরো ঘটনাটি ঘটানো হয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।জনবহুল এলাকায় সিসিটিভি অচল করে এভাবে দোকানে চুরির ঘটনায় এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে। দ্রুত অভিযুক্তদের শনাক্ত করে গ্রেফতারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
CCTV কেটে দোকানে দুঃসাহসিক চুরি! খোয়াইয়ে উধাও নগদ ১০ হাজার
