বিশ্রামগঞ্জের নলজলা এলাকায় এক বৃদ্ধাকে হেনস্থা ও মারধরের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ উঠেছে, স্থানীয় বাসিন্দা লক্ষ্মী সরকার নামে এক বৃদ্ধাকে শহীদ মিঞা নামে এক যুবক বিভিন্নভাবে হেনস্থা ও মারধর করেছেন।ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে সরব হয় হিন্দু নাগরিক মঞ্চ। সংগঠনের সদস্যরা অভিযোগের সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবিতে বিশ্রামগঞ্জ থানার সামনে পথ অবরোধে বসেন। এর জেরে কিছু সময়ের জন্য ওই এলাকায় যান চলাচল ব্যাহত হয়।পরবর্তীতে অবরোধকারীদের সঙ্গে পুলিশের আলোচনা হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, অভিযোগটি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং তদন্তের ভিত্তিতে দ্রুত পদক্ষেপ করা হবে।এদিকে, বৃদ্ধার উপর নির্যাতনের অভিযোগকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে। এখন পুলিশের তদন্তে ঘটনার প্রকৃত কারণ এবং অভিযোগের সত্যতা কতটা উঠে আসে, সেদিকেই নজর রয়েছে।
বিশ্রামগঞ্জে বৃদ্ধাকে মারধরের অভিযোগ, গ্রেপ্তারের দাবিতে থানার সামনে অবরোধ!
