ত্রিপুরার প্রধান রেফারেল হাসপাতাল জিবি হাসপাতালে রোগীর আত্মীয়-পরিজনদের মোবাইল ও টাকা-পয়সা চুরির অভিযোগ ঘিরে বাড়ছে ক্ষোভ। অভিযোগ, নিত্যদিনই হাসপাতালে এমন ঘটনা ঘটলেও চুরি রুখতে কার্যকর পদক্ষেপের অভাব রয়েছে।সম্প্রতি হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর পরিবারের দুই সদস্যের মোবাইল ফোন চুরি হয়েছে বলে অভিযোগ। তাঁদের দাবি, একটি মোবাইল কয়েকদিন আগে এবং আরেকটি বুধবার সকালে হাসপাতাল চত্বর থেকেই চুরি হয়ে যায়।রোগীর এক আত্মীয়ের অভিযোগ, হাসপাতালের একটি সিসিটিভি ক্যামেরা দীর্ঘদিন ধরে বিকল অবস্থায় রয়েছে। পাশাপাশি রাতের সময় বেসরকারি নিরাপত্তাকর্মীদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। হাসপাতালের প্রধান গেটে পুলিশ ও টিএসআর কর্মীরা দায়িত্বে থাকা সত্ত্বেও কীভাবে চুরির ঘটনা ঘটছে, তা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি।চুরির ঘটনায় পুলিশের কাছে অভিযোগ জানানো হলেও এখনও পর্যন্ত কার্যকর তদন্ত বা চোর ধরার ক্ষেত্রে দৃশ্যমান উদ্যোগ না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন রোগীর পরিজনরা। মুখ্যমন্ত্রী ও পুলিশ প্রশাসনের কাছে জিবি হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং চুরি বন্ধে কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন তাঁরা। পাশাপাশি চুরি যাওয়া মোবাইল উদ্ধারেরও আবেদন জানানো হয়েছে।
জিবি হাসপাতালে ফের মোবাইল চুরির অভিযোগ! নিরাপত্তা নিয়ে প্রশ্ন রোগীর পরিজনদের
