বিশালগড়: বিশালগড় হাই মাদ্রাসা করইমুড়া থেকে নিখোঁজ হয়ে যাওয়া তিন ছাত্রকে আগরতলা রেলস্টেশন থেকে উদ্ধার করা হয়েছে। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়।জানা যায়, সোমবার সকালে মাদ্রাসা থেকে ওই তিন ছাত্র নিখোঁজ হয়ে যায়। বিষয়টি জানতে পেরে মাদ্রাসার শিক্ষকরা বিশালগড় থানায় নিখোঁজ সংক্রান্ত মামলা দায়ের করেন।এরপর মঙ্গলবার সকালে আগরতলা রেলস্টেশন থেকে তিন ছাত্রকে উদ্ধার করে শিক্ষকরা বিশালগড় ইসলামিয়া হাই মাদ্রাসায় নিয়ে আসেন। সেখানে তাদের সঙ্গে কথা বলে শিক্ষকরা জানতে পারেন, তারা ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিল।তবে কীভাবে তারা মাদ্রাসা থেকে বেরিয়ে আগরতলা রেলস্টেশনে পৌঁছাল এবং ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। গোটা বিষয়টি নিয়ে শিক্ষক-শিক্ষিকারা তদন্ত চালাচ্ছেন।
বিশালগড়ের মাদ্রাসা থেকে নিখোঁজ ৩ ছাত্র, আগরতলা রেলস্টেশন থেকে উদ্ধার!
