Headlines

দিনদুপুরে তালা ভেঙে বাড়িতে চুরি! উধাও ২ লক্ষ টাকা ও স্বর্ণালংকার

উদয়পুর: দিনদুপুরে বাড়ির দরজার তালা ভেঙে নগদ প্রায় ২ লক্ষ টাকা ও স্বর্ণালংকার চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উদয়পুরের টেপানিয়া ছড়ার বাজার এলাকায়। ঘটনায় আতঙ্কের পাশাপাশি এলাকার নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে।স্থানীয় সূত্রে জানা যায়, টেপানিয়া ছড়ার বাজার এলাকার বাসিন্দা পূর্ণিমা দেবনাথ স্বামীহারা এবং দীর্ঘদিন ধরে একাই বাড়িতে বসবাস করছেন। মঙ্গলবার দুপুরে মাতাবাড়িতে একটি অন্নপ্রাশনের অনুষ্ঠানে যোগ দিতে বাড়ি থেকে বেরিয়ে যান তিনি।প্রায় দুপুর ১২টার দিকে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর নিমন্ত্রণ শেষে কয়েক ঘণ্টা পর বাড়িতে ফিরে আসেন পূর্ণিমা দেবনাথ। বাড়িতে ঢুকেই তিনি দেখতে পান, ঘরের দুটি দরজার তালা ভাঙা অবস্থায় রয়েছে। ভিতরে প্রবেশ করে ঘরের বিভিন্ন সামগ্রী এলোমেলো অবস্থায় পড়ে থাকতে দেখেন তিনি। পাশাপাশি একটি সুকেশের তালাও ভাঙা ছিল।এরপর সুকেশ খুলে দেখা যায়, সেখানে রাখা নগদ অর্থ ও স্বর্ণালংকার নেই। পূর্ণিমা দেবনাথের অভিযোগ, বাড়ি থেকে প্রায় ২ লক্ষ টাকা নগদ এবং স্বর্ণালংকার নিয়ে গেছে চোরেরা।ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য দেখা দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রাধাকিশোরপুর থানার পুলিশ। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে। কীভাবে তালা ভেঙে চোরেরা বাড়িতে প্রবেশ করল এবং এই ঘটনায় কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।খবর পেয়ে ঘটনাস্থলে যান সংশ্লিষ্ট এলাকার গ্রামপ্রধান রঞ্জন শর্মাও। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলে ঘটনার বিষয়ে খোঁজখবর নেন।জনবসতিপূর্ণ এলাকায় দিনের বেলায় বাড়ির তালা ভেঙে এমন চুরির ঘটনায় স্বাভাবিকভাবেই নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। ক্ষতিগ্রস্ত পূর্ণিমা দেবনাথের দাবি, পুলিশ দ্রুত তদন্ত করে অভিযুক্তদের শনাক্ত করার পাশাপাশি চুরি যাওয়া নগদ অর্থ ও স্বর্ণালংকার উদ্ধারের ব্যবস্থা করুক।এখন রাধাকিশোরপুর থানার তদন্তে এই চুরির ঘটনার প্রকৃত রহস্য কতটা উদঘাটিত হয়, সেদিকেই তাকিয়ে এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *