আগরতলার ভগৎ সিং যুব আবাসে ত্রিপুরা আর্চারি অ্যাসোসিয়েশনের উদ্যোগে শুরু হলো সাত দিনব্যাপী আর্চারি ট্রেনিং ক্যাম্প। ছোট ও তরুণ খেলোয়াড়দের আর্চারি খেলায় উৎসাহিত করার পাশাপাশি ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতার জন্য প্রস্তুত করাই এই প্রশিক্ষণ শিবিরের মূল লক্ষ্য বলে জানান আয়োজকরা।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউন্সিলর লতানাথ, ত্রিপুরা আর্চারি অ্যাসোসিয়েশনের সভাপতি সমীর রঞ্জন ঘোষ, স্পোর্টস ডিরেক্টর এম মগ, পদ্মশ্রী ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জিমন্যাস্ট দীপা কর্মকার, পুর নিগমের নর্থ জোনের চেয়ারপার্সন প্রদীপ চন্দ্র-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।সাত দিনের এই প্রশিক্ষণ কর্মসূচিকে ঘিরে শিশু ও তরুণ খেলোয়াড়দের মধ্যে ছিল যথেষ্ট উৎসাহ-উদ্দীপনা। প্রশিক্ষণের মাধ্যমে আর্চারির প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি তাঁদের দক্ষ খেলোয়াড় হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।ত্রিপুরা আর্চারি অ্যাসোসিয়েশনের সভাপতি সমীর রঞ্জন ঘোষ জানান, ছোটদের আর্চারি খেলায় আকৃষ্ট করা এবং নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে তাঁদের জাতীয় ও আন্তর্জাতিক স্তরে প্রতিযোগিতার উপযোগী করে তোলাই এই কর্মসূচির অন্যতম উদ্দেশ্য।অনুষ্ঠানে পদ্মশ্রী দীপা কর্মকার শিশুদের খেলাধুলায় আরও বেশি যুক্ত হওয়ার আহ্বান জানান। তাঁর বক্তব্য, বর্তমানে অনেক শিশু ও অভিভাবক খেলাধুলা থেকে কিছুটা দূরে সরে যাচ্ছেন এবং মোবাইল ফোনের পর্দাতেই স্পোর্টসকে সীমাবদ্ধ রাখার প্রবণতা বাড়ছে। অথচ খেলাধুলা শুধু বিনোদন নয়, ভবিষ্যতে এটি পেশার সুযোগ তৈরি করার পাশাপাশি সুস্থ জীবনযাপনেরও গুরুত্বপূর্ণ মাধ্যম।শিশুদের ঘরের মধ্যে সীমাবদ্ধ না রেখে বিভিন্ন ধরনের খেলাধুলা ও স্পোর্টস অ্যাক্টিভিটিতে যুক্ত করতে অভিভাবকদের আরও উৎসাহিত হওয়ার বার্তা দেন দীপা কর্মকার।আয়োজকদের আশা, এই সাত দিনের প্রশিক্ষণ শিবিরের হাত ধরে আগামী দিনে ত্রিপুরা থেকে আরও প্রতিভাবান আর্চারি খেলোয়াড় উঠে আসবে এবং জাতীয় ও আন্তর্জাতিক মঞ্চে রাজ্যের প্রতিনিধিত্ব করবে।
আর্চারিতে নতুন প্রতিভার খোঁজ, প্রশিক্ষণ শিবিরে দীপা কর্মকারের অনুপ্রেরণা
